বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি

Published: September 16, 2026 at 02:55 PM
২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি

২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যে সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানোদের স্মরণে সিরিজটি উৎসর্গ করা হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেটের মাধ্যমে কঠিন সময়ে বন্ধুত্ব, সহমর্মিতা ও সংহতির বার্তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

নেপাল ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দলকে নেপাল সফরের আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নেপালের ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিসিবি। দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে।

মার্চে অনুষ্ঠেয় তিন ম্যাচের এই সিরিজের মাধ্যমে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছে বিসিবি। একই সঙ্গে খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হবে।