বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সম্পূর্ণা পুরস্কার পেয়ে নারীদের নিয়ে যা বললেন সাফা কবির ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি হামে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৭ জনের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
Printed on: September 16, 2026
September 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

Published: September 16, 2026 at 02:47 PM
ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং চীনের সঙ্গে তেহরানের আর্থিক সম্পর্কসহ বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে আলোচনা করতে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চলতি সপ্তাহের শেষ দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসের হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে এ তথ্য জানান বেসেন্ট। তিনি বলেন, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে।

বেসেন্ট বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ইতিবাচক ব্যক্তিগত আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের শেষে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে এসব আলোচনা অব্যাহত থাকবে।

ইরানের সঙ্গে চীনের আর্থিক সম্পর্ক নিয়েও ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী।

ইরানকে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ইরানের তেল বিক্রি এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও নেটওয়ার্ককেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। তার আগে বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের স্থান ও নির্দিষ্ট সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান ইস্যুর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হতে পারে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি সম্পর্কে বেসেন্ট বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা জানিয়েছিলেন বেসেন্ট। তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা। কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বেইজিংকে দেখা হয়। ফলে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে চীনের সহযোগিতা পাওয়ার বিষয়টি ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স