মার্কিন টেনিস তারকা কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। রোমাঞ্চকর এই জয়ের পর ফাইনালের মঞ্চে এবার তার মুখোমুখি হচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা।
প্রথম সেমিফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন বেলারুশিয়ান তারকা সাবালেঙ্কা।
এই ফাইনাল ঘিরে টেনিসপ্রেমীদের মাঝে তুঙ্গে উন্মাদনা। আগামী সপ্তাহের র্যাঙ্কিংয়ে টানা ৯৯ সপ্তাহ ধরে শীর্ষে থাকা সাবালেঙ্কাকে সরিয়ে এক নম্বর আসনটি নিজের করে নেওয়া আগেই নিশ্চিত করেছেন রিবাকিনা। এবার শনিবারের মেগা ফাইনালে গত দুই আসরের শিরোপাজয়ী সাবালেঙ্কার হাত থেকে খেতাবটি ছিনিয়ে নেওয়ার বড় সুযোগ তার সামনে।
জিতে নিলে এটি হবে কাজাখ তারকা রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ও প্রথম ইউএস ওপেন ট্রফি। অন্যদিকে, জয় পেলে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী হিসেবে টানা তিনবার ইউএস ওপেন জয়ের কীর্তি গড়বেন সাবালেঙ্কা।
প্রথম সেমিফাইনালে পেগুলার সঙ্গে প্রথম সেটে কড়া লড়াইয়ের পর দ্বিতীয় সেটে দাপট দেখিয়ে জয় তুলে নেন সাবালেঙ্কা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কোনো অভিযোগ নেই।
আমি শুধু খুশি যে এমন মানের টেনিস খেলতে পেরেছি।’ অন্যদিকে গফের বিপক্ষে পিছিয়ে পড়েও স্নায়ুচাপ সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন রিবাকিনা। ফাইনাল নিশ্চিত করে দ্বিতীয় বাছাই রিবাকিনা জানান, পিছিয়ে পড়ার পর তিনি গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে কেবল ইতিবাচক রেখে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের পর এবারই প্রথম ইউএস ওপেনের নারী এককে শীর্ষ চার বাছাইয়ের সবাই সেমিফাইনালের টিকিট পান। এবার সেই লড়াই গড়িয়েছে দুই শীর্ষ তারকার মহাযুদ্ধে, যেখানে এক পাশে প্রথম ইউএস ওপেনের খোজে রিবাকিনা, আর অপর পাশে হ্যাটট্রিক শিরোপার প্রহর গুনছেন সাবালেঙ্কা।