বর্তমানে ইয়েমেনে তাদের মিত্রগোষ্ঠী হুতির সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শত শত কর্মকর্তা কাজ করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত অভিযানে সমন্বয় করতে এই সহায়তা করছেন আইআরজিসি কর্মকর্তারা।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুতি যোদ্ধাদের অবস্থান দ্রুত শক্তিশালী হওয়ার মধ্যেই আইআরজিসির এসব কর্মকর্তার উপস্থিতির তথ্য সামনে এসেছে। এতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তীব্রভাবে ব্যাহত নৌ চলাচলের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথও চাপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে গত কয়েক দিন ধরে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার কৌশলগত বন্দর মোখা দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।