বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 10, 2026
September 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

Published: September 10, 2026 at 03:04 PM
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

পূর্ব চীনের কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ আগ্নিকাণ্ড ঘটে। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সিসিটিভির তথ্য অনুযায়ী, ‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে আগুন লাগার সময় মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। আরও কয়েকজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। পরে তিন ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেছেন বলে এএফপিকে জানিয়েছেন।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর দৈর্ঘ্য প্রায় ১৯০ মিটার। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এটি গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছায়।