মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 08, 2026
September 08, 2026
খেলাধুলা
খেলাধুলা

অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

Published: September 08, 2026 at 11:33 AM
অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে এই সিরিজ। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে ৯ অক্টোবর। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। লিগ পর্ব শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। তিন দলই লিগ পর্বে একবার করে পরস্পরের মুখোমুখি হবে।ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ অক্টোবর শুরু হবে সেই সিরিজ। এরপর দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে, যার প্রথম ম্যাচ শুরু হবে ৫ নভেম্বর।


আফগানিস্তানের হোম আন্তর্জাতিক ম্যাচের নিয়মিত ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই হবে এবারের ম্যাচগুলো। তবে নির্দিষ্ট ভেন্যুর নাম এখনও জানায়নি এসিবি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন সংস্করণে নিয়মিত খেলার সুযোগ জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই সময়সূচি নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এই টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি ক্রিকেট মৌসুমের সুযোগ তৈরি করবে।


তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটারদের প্রথমবারের মতো লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা হবে। একই সঙ্গে আফগানিস্তান এই কন্ডিশনে বরাবরই ভালো খেলায় তাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়েরও সুযোগ পাবে বাংলাদেশ।