এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি। আজ নারী ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই র্যাঙ্কিংয়ে মারুফার পাশাপাশি উন্নতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের। নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে শিকার করেন ৩ উইকেট। টানা দুই ম্যাচে কার্যকর বোলিংয়ের ফলেই র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ২১ বছর বয়সী এই পেসারের। মারুফার বর্তমান রেটিং পয়েন্ট ৬২২। র্যাঙ্কিংয়ের পাশাপাশি এটিও তার ক্যারিয়ার সেরা। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩তম স্থানে উঠেছিলেন তিনি। তখন তার রেটিং ছিল ৬০৬।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া অফ স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার। লেগ স্পিনার রাবেয়া খাতুন এক ধাপ নেমে ২১তম এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে ৩২তম স্থানে রয়েছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ এখনো সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। এক ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস খেলে তিন ধাপ উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। তিনি উঠে এসেছেন ৩৬তম স্থানে। আর দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম অবস্থানে রয়েছেন।