মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 08, 2026
September 08, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ সিরিজের আগে কাউন্টি থেকে ক্রিকেটারকে দেশে ডাকল আফ্রিকা

Published: September 08, 2026 at 11:31 AM
বাংলাদেশ সিরিজের আগে কাউন্টি থেকে ক্রিকেটারকে দেশে ডাকল আফ্রিকা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে কাউন্টি ক্রিকেটে খেলা দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন রাউন্ডে খেলতে পারবেন না ডারহামের ডেভিড বেডিংহাম, এসেক্সের সাইমন হার্মার ও নটিংহ্যামশায়ারের কাইল ভেরেইন্নে। দক্ষিণ আফ্রিকার সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর কথা। এরপর বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলবে প্রোটিয়ারা। টেস্ট ক্রিকেটে দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই কাউন্টি থেকে ক্রিকেটারদের আগেভাগে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। সিএসএর নির্দেশনার পর ক্ষতি সামাল দিতে বিকল্প ক্রিকেটার খুঁজতে শুরু করেছে সংশ্লিষ্ট কাউন্টি দলগুলো। ডেভিড বেডিংহামের বদলি হিসেবে ভারতের মায়াঙ্ক আগারওয়ালকে দলে নিয়েছে ডারহাম। আর কাইল ভেরেইন্নের জায়গায় শেষ তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার মিচেল হেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যামশায়ার।


তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এসেক্স। সাইমন হার্মারকে ধরে রাখতে সিএসএর সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো ছাড় পায়নি তারা। হার্মার কেন্দ্রীয় চুক্তিতে ‘হাইব্রিড’ ব্যবস্থায় থাকায় তাকে কাউন্টিতে রাখার বিষয়ে আশাবাদী ছিল এসেক্স। এরই মধ্যে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন এসেক্সের স্যাম কুক ও জর্ডান কক্স। দলের আরও চার ক্রিকেটার চোটে থাকায় হার্মারকে হারিয়ে আরও বড় সংকটে পড়েছে কাউন্টি দলটি। এদিকে উস্টারশায়ারও দক্ষিণ আফ্রিকার বেয়ার্স সোয়ানেপলকে হারিয়েছে। তবে তার দেশে ফেরার সঙ্গে সিএসএর কেন্দ্রীয় চুক্তির কোনো সম্পর্ক নেই। ঘরোয়া ক্রিকেটের কিছু বিষয় সম্পন্ন করতেই দেশে ফিরেছেন তিনি।