ফুটবলের ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের আয়োজন এবার আর প্যারিসে হচ্ছে না। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসছে ব্যালন ডি’অরের জমকালো আসর। আগামী ২৬ অক্টোবর, সোমবার লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হবে লালগালিচার আয়োজন। তবে অনুষ্ঠানের নির্দিষ্ট ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ঐতিহাসিক লন্ডন প্যালাডিয়ামে হতে পারে এবারের অনুষ্ঠান। এবারই প্রথম ইংল্যান্ডের রাজধানীতে ব্যালন ডি’অরের আয়োজন হতে যাচ্ছে। ফ্রান্সের ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর উদ্যোগে ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের যাত্রা শুরু হয়। ঐতিহ্যগতভাবে প্যারিসেই অনুষ্ঠিত হয়ে আসছে এই পুরস্কার বিতরণী। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দু শাতলেতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি।
এর আগে আইফেল টাওয়ারসহ প্যারিসের বিভিন্ন ঐতিহাসিক স্থানে বসেছে ব্যালন ডি’অরের মঞ্চ। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যৌথভাবে ‘ফিফা ব্যালন ডি’অর’ নামে পুরস্কার দেওয়ার সময় অনুষ্ঠান হয়েছিল সুইজারল্যান্ডের জুরিখে। তবে ২০২৬ সালে ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজনে এসেছে বড় পরিবর্তন। ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। ১৯৫৬ সালে ইংল্যান্ডের ব্ল্যাকপুলে ছোট পরিসরের এক অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল প্রথম ব্যালন ডি’অর। ৭০ বছর পর সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডে ফিরছে ব্যালন ডি’অর।