চাঁপাইনবাবগঞ্জে
‘ভিন্ন বাস্তবতা, অভিন্ন আকাঙ্ক্ষা—শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বে এগিয়ে
যাক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুব
সমাজ- প্রতিপাদ্যে যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর
উপজেলা পরিষদ হলরুমে ইন্টারঅ্যাকশন-এর অর্থায়নে এবং SIL
International Bangladesh-এর বাস্তবায়নে এ
যুব সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআইএল-এর প্রোগ্রাম ম্যানেজার
মার্কাশ সরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। নিকোলাস মুর্মুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আব্দুল আলিম, ছিলেন আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিউস মুর্মুসহ অংশগ্রহণকারীবৃন্দ। সেমিনারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক-যুবতীরা তাদের শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে
ধরেন। প্রধান
অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের
শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা অর্জনের
মাধ্যমে যুবসমাজ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে
কাজ করার আশ্বাস দেন তিনি।
উপজেলা
সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের
লেখাপড়া চালিয়ে যাওয়া, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পারস্পরিক একাত্মতা ও ঐক্যবোধ নিয়ে
কাজ করার বিষয়ে শপথ পাঠ করান।
অন্যদিকে
আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিউস মুর্মু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের
বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা
তুলে ধরেন। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও যুবদের দক্ষতা
উন্নয়নের পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনারে
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুব
সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের
সুযোগ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি তাদের নিজস্ব সংস্কৃতি ও পরিচয়কে সম্মান
জানিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুব-যুবতী ও সমাজের নেতৃবৃন্দসহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।