সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 07, 2026
September 07, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা

Published: September 07, 2026 at 11:44 AM
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা

চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওয়ানডে ফরম্যাটে জেরাল্ড কোটজির প্রত্যাবর্তন। তার প্রত্যাবর্তন দলের আগে থেকেই সমৃদ্ধ সিম বোলিং ইউনিটে গভীরতা ও বৈচিত্র্যতা যোগ করেছে। তার পাশাপাশি দলে পেস বোলার হিসেবে রয়েছেন ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, লুঙ্গি এনগিডি এবং তরুণ কোয়েনা মাফাকা। ফলে নির্বাচকদের হাতে তিন ম্যাচের সিরিজে বিভিন্ন কম্বিনেশন বা সংমিশ্রণ বেছে নেওয়ার সুযোগ থাকছে। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন বিয়র্ন ফর্টুইন ও কেশব মহারাজ এবং ব্যাটিং লাইনআপে আছেন কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও ডেভিড মিলারের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। এছাড়া রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিৎজকে, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস ব্যাটিংয়ে বাড়তি বিকল্প হিসেবে আছেন এবং লোয়ার অর্ডারে মার্কো জানসেন প্রকৃত অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন।


দলের এই বিশাল ও বৈচিত্র্যময় গঠনশৈলী সিরিজের তিনটি ম্যাচেই একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল মাঠে নামানোর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার দৃঢ় ইচ্ছারই প্রতিফলন। ভারতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ সাউথ আফ্রিকার হয়ে খেলার পর থেকেই জেরাল্ড কোটজি ওয়ানডে ক্রিকেট থেকে দূরে ছিলেন। তাই দলে তার ফেরাটা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ হবে। যা ‘পিঙ্ক ডে’ হিসেবে পালিত হবে। সবশেষ ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমের এনডব্লিউসি ওভালে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ফলাফল বেশ ইতিবাচক। ২০২৩ সালে অস্ট্রেলিয়া যখন দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল, তখন প্রোটিয়ারা ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ৫ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল। দুই দলের মধ্যকার সাম্প্রতিক দ্বিপাক্ষিক ক্রিকেটে এটি অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন। এরপর সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের আগস্টে অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের মাটিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করে প্রোটিয়ারা। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজেও তারা আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।


দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিৎজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফর্টুইন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।