সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 07, 2026
September 07, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৫৫, নিখোঁজ ৪ হাজার ৯৯৬

Published: September 07, 2026 at 11:40 AM
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৫৫, নিখোঁজ ৪ হাজার ৯৯৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৯৯৬ জন। আজ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হিমালয়সংলগ্ন নদী তীরবর্তী এলাকাগুলোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাসুয়ায় ১৬৯, নুয়াকোটে ১৯৭, ধাদিঙে ৭০, গোর্খায় ৭৫, তানাহুনে ৩৮, চিতওয়ানে ৩৬৩, নওয়ালপরাসি পূর্বে ২২২ এবং নওয়ালপরাসি পশ্চিমে ২২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে কিছু অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ৯৮টি মৃতদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে এবং সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের তালিকায় রাসুয়া জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা ১ হাজার ৯৬৭ জন নেপালি নাগরিক, নুয়াকোটের ২ হাজার ৩৪০ জন, প্রায় ১০০ জন নিরাপত্তাকর্মী ও কর্মচারী এবং ৫৮৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে। ফলে অজ্ঞাতপরিচয় মৃতদেহ এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ নিখোঁজের তালিকায় থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারেন।


এদিকে হেলিকপ্টার ও স্থল ইউনিটের মাধ্যমে এখন পর্যন্ত ১৩ হাজার ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং বেসরকারি সংস্থাগুলো দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাসুয়ার মতো দুর্গম এলাকায় চিকিৎসাকর্মী, শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি কিট ও জরুরি খাদ্য পৌঁছে দিতে এ পর্যন্ত ১ হাজার ৪০০টির বেশি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রাসুয়া, নুয়াকোট ও ধাদিঙজুড়ে স্থাপিত ৩৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩ হাজার ৫৩৩ জন বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন। উদ্ধার অভিযান ও পুনরুদ্ধার কার্যক্রমে নেপাল পুলিশ, নেপালি সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীসহ ২১ হাজার ৪০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন। তারা ধ্বংসস্তূপ সরানো, জরুরি পরিষেবার অবকাঠামো পুনরুদ্ধার এবং জীবিতদের সন্ধানে কাজ করছেন।