রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 06, 2026
September 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

Published: September 06, 2026 at 02:29 PM
চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি রয়েছে।


শেষ পর্যন্ত বিপৎসীমা অতিক্রম না করলেও আগামী আরো কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারী বর্ষণের কারণে নদ নদীগুলোর পানি বাড়ছে বলেও পানি উন্নয়ন বোর্ড জানায়।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন— ভারতের উজানে ভারী বর্ষণের কারণে ভারতসহ আমাদের নদ-নদীর পানি বাড়ছে। আগামী আরো কয়েকদিন পানি বাড়বে। তবে শেষ পর্যন্ত হয়তো বিপৎসামী অতিক্রম নাও হতে পারে। জেলার নদীগুলো বিশেষ করে পদ্মা নদীর পানি পাড় বরাবর থাকায় এই মুহূর্তে নদী ভাঙন নেই। 


চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম বলেন— এখনো বন্যার পানিতে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগামী আরো কয়েক দিন বৃদ্ধি পেলে হয়তো নিচু এলাকার কিছু ফসল নিমজ্জিত হতে পারে। 


এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার জানানো হয়েছে, গত শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে ১৭ সেন্টিমিটার, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে বেড়েছে ১৩ সেন্টিমিটার ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। এই তিন স্টেশনে পানির সমতল নির্ণয় করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। 


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ২০.৯৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ২১.১১ মিটার। 


অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৭১ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৮৪ মিটার। 


অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৮.৮০ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৯৪ মিটার। 


উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার।