চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে ২৪ সেন্টিমিটার, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে বেড়েছে ১২ সেন্টিমিটার ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। এই তিন স্টেশনে পানির সমতল নির্ণয় করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ২০.৭৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ২০.৯৪ মিটার।
অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৯ মিটার। গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭১ মিটার।
অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৮.৭১ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৮০ মিটার।
উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার।