শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 05, 2026
খেলাধুলা
খেলাধুলা

মাঠে ফিরছেন শান্ত-লিটনরা, আগামী সপ্তাহেই শুরু ক্যাম্প

Published: September 05, 2026 at 01:25 PM
মাঠে ফিরছেন শান্ত-লিটনরা, আগামী সপ্তাহেই শুরু ক্যাম্প

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আফগানদের বিপক্ষে একটি টেস্টও আছে টাইগারদের।

এই সিরিজের জন্য আগামী ১১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) ক্রিকেট অপরাশেন্স কমিটির একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে। গত মাসে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ দল। সিরিজ ১-১ ড্র করে গত ২৮ আগস্ট দেশে ফিরেছে টাইগাররা। এরপর কিছুদিন বিশ্রাম কাটিয়ে আবার মাঠে ফিরছেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাসরা। আগামী ১১ সেপ্টেম্বর ফিটনেস দিয়ে শুরু হবে ক্যাম্প। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নেবেন। ফিটনেস টেস্টের পর শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর শুরু হবে ব্যাট-বলের অনুশীলন। শুরুতে গুঞ্জন ছিল, কোচিং প্যানেলের বিদেশি সদস্যরা ক্যাম্পের শুরুতে আসবেন না। তবে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্রের মাধ্যমে জাগো নিউজ নিশ্চিত হয়েছে পুরো কোচিং প্যানেলই ক্যাম্পে উপস্থিত থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ বা একমাত্র টেস্ট, কোনো কিছুরই সূচি প্রকাশ হয়নি এখনো। সূত্র জানিয়েছে, দুটি সিরিজের আয়োজকই আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সূচিও তারাই প্রকাশ করবেন।