বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 05, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

Published: September 05, 2026 at 12:15 PM
বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।


তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। 

বিস্ফোরণের পর সামরিকঘাঁটির আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।


ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এদিকে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক পড়ে রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।