বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 03, 2026
September 03, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ

Published: September 03, 2026 at 09:40 AM
মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ

একজন ফুটবলারের বিদায়কে ঘিরে পুরো দেশের ফুটবল থমকে দাঁড়াবে! আর্জেন্টিনায় এমনই এক বিশেষ সম্মান পেতে যাচ্ছেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে তার দীর্ঘ পথচলার সমাপ্তির পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিয়েছে বিশেষ উদ্যোগ। আগামী সপ্তাহান্তে দেশের সব ধরনের স্থানীয় ফুটবল ম্যাচে মেসির প্রতি শ্রদ্ধা জানানো হবে। পুরুষ ও নারী ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ ফুটবলের সব শ্রেণির ম্যাচেও কার্যকর হবে এই উদ্যোগ। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে খেলা বন্ধ থাকবে। এরপর আর্জেন্টিনার জার্সিতে মেসির অসাধারণ অবদানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে। বুধবার রাতে কর্দোবায় অনুষ্ঠেয় আর্জেন্টাইন কাপের ম্যাচেও এই শ্রদ্ধা নিবেদন করা হবে।


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানেও ম্যাচ শুরুর আগে মেসিকে সম্মান জানিয়ে বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। শুধু মাঠের খেলোয়াড়রাই নন, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা আর মেসিকে নিয়ে গানে গানে প্রিয় তারকাকে বিদায়ী সম্মান জানাবেন আর্জেন্টাইন সমর্থকেরা-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।


দশম মিনিটেই কেন থামবে খেলা?

এর পেছনে রয়েছে মেসির সবচেয়ে পরিচিত পরিচয়। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের দীর্ঘ সময় তিনি পরেছেন ১০ নম্বর জার্সি। তাই তার বিদায়ী সম্মাননার জন্য ম্যাচের দশম মিনিটকেই বেছে নেওয়া হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ২০৭ ম্যাচ খেলার রেকর্ড তার। একই সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ ১২৫ গোলের মালিকও এই কিংবদন্তি। উল্লেখ্য, গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবেগঘন এক চিঠি প্রকাশ করে জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দেন মেসি। সেখানে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে সমর্থনের জন্য আর্জেন্টাইন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে জাতীয় দল থেকে বিদায়ের এই মুহূর্তে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন যে তাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রস্তুত, সেই বার্তাই স্পষ্ট হয়ে গেল এই বিশেষ উদ্যোগে।