বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 03, 2026
September 03, 2026
খেলাধুলা
খেলাধুলা

গ্যাংয়ের অপহরণের পরিকল্পনায় এমবাপ্পে

Published: September 03, 2026 at 09:39 AM
গ্যাংয়ের অপহরণের পরিকল্পনায় এমবাপ্পে

ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগের আতঙ্কের নাম কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের বাইরেও এবার এক ভয়ংকর ঘটনার পরিকল্পনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবল তারকার নাম। একটি বিপজ্জনক ফরাসি গ্যাং এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করেছিল। এমবাপ্পে ছাড়াও বেশ কয়েকজন ধনকুবেরও এই অপহরণের লক্ষ্যবস্তু ছিল ফরাসি সংবাদমাধ্যম ল্য প্যারিসিয়েনের বরাতে জানা গেছে, ১৮ বছর বয়সী ক্লেমঁ এল তরুণের নেতৃত্বাধীন ওই গ্যাংয়ের সম্ভাব্য অপহরণ তালিকায় ছিলেন এমবাপ্পে। ‘লেস্টার জেড’ ছদ্মনামে পরিচিত ওই তরুণ বর্তমানে সশস্ত্র ডাকাতি ও দালালির অভিযোগে কারাগারে রয়েছেন। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সেন-সাঁ-দেনির ভিলিপিন্ত কারাগারে থাকার সময়ও নিজের সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের মাধ্যমে সহযোগীদের নির্দেশ দিতেন ওই তরুণ। তার ব্যবহৃত দুটি মুঠোফোনে ২৬ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য ও ঠিকানা পাওয়া যায়। তালিকায় ছিলেন বেশ কয়েকজন ফুটবলার, সংগীতশিল্পী ও ধনী ব্যবসায়ী।


তদন্তকারীদের দাবি, মূলত বিপুল অর্থসম্পদের মালিক ব্যক্তিদেরই লক্ষ্য বানিয়েছিল চক্রটি। তালিকায় ছিলেন প্যারিসের উনিশতম অঞ্চলের এক চীনা পাইকারি ব্যবসায়ী, একজন গয়না ব্যবসায়ী এবং ভ্যাল-দোয়াজের এক তুর্কি মাংস ব্যবসায়ী। তাদের সম্পদের পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো বলে ধারণা করা হয়।

তবে তালিকার সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে এমবাপ্পে।  বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, ওই তরুণ এমবাপেকেও অপহরণের পরিকল্পনা করেছিল। তদন্তের সময় তার ফোনে ফুটবলার ও অন্য ধনী ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহের প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে নিউইলি-সুর-সিন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে ওই তরুণকে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে সামনে আসে অপহরণের আরও বড় পরিকল্পনার তথ্য।