বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 03, 2026
খেলাধুলা
খেলাধুলা

আবারও সিটিতে জায়গা হলো না, টানা দ্বিতীয় মৌসুমে এভারটনে গ্রিলিশ

Published: September 03, 2026 at 09:36 AM
আবারও সিটিতে জায়গা হলো না, টানা দ্বিতীয় মৌসুমে এভারটনে গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির পরিকল্পনায় আবারও জায়গা হলো না জ্যাক গ্রিলিশের। ফলে টানা দ্বিতীয় মৌসুমের জন্য ধারে এভারটনে যোগ দিলেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন গত মঙ্গলবার শেষ মুহূর্তে গ্রিলিশের পুরো মৌসুমের জন্য এভারটনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই ক্লাবই। পাঁচ বছর আগে আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন গ্রিলিশ। ক্লাবটির সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তবে চোট ও ফর্মহীনতায় গত কয়েক মৌসুমে সেই গ্রিলিশকে আর দেখা যায়নি। এখন সিটির মূল স্কোয়াডে জায়গা ধরে রাখতেই লড়তে হচ্ছে ৩০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। গত মৌসুমের শুরুতে সিটির স্কোয়াডে জায়গা হারিয়ে ধারে এভারটনে যোগ দিয়েছিলেন গ্রিলিশ। নতুন ক্লাবে শুরুটা অবশ্য ছিল দারুণ। গত বছরের আগস্টে প্রিমিয়ার লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। তবে বছরের শুরুতেই পায়ের চোটে ছন্দপতন ঘটে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আর আগের অবস্থায় ফিরতে পারেননি তিনি। গত মৌসুমে এভারটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেন গ্রিলিশ।


নতুন মৌসুমে সিটির স্কোয়াডেও জায়গা না পাওয়ায় আবারও ধারের পথ বেছে নিতে হলো তাকে। এবারও ঠিকানা এভারটন। সেখানে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জই থাকবে তার সামনে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৩তম হয়ে শেষ করা এভারটন অবশ্য এবার শুরু করেছে বেশ ভালোভাবে। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারানোর পর বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এমন শুরুর পর গ্রিলিশকে দলে পেয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী করার আশা করছে দলটি।