বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 03, 2026
খেলাধুলা
খেলাধুলা

সরকারি হস্তক্ষেপের জেরে বাদ শ্রীলঙ্কা, নতুন আয়োজক ভারত

Published: September 03, 2026 at 09:10 AM
সরকারি হস্তক্ষেপের জেরে বাদ শ্রীলঙ্কা, নতুন আয়োজক ভারত

শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ইতিহাসের প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বদলে গেছে আয়োজক দেশ। শ্রীলঙ্কার পরিবর্তে এবার ভারতের মাটিতে বসছে আইসিসির এই নতুন টুর্নামেন্ট। ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার নিশ্চিত করেছে, উদ্বোধনী নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে ভারতকে বেছে নেওয়া হয়েছে। এর আগে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার খবর জানিয়েছিল ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। ভারতে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ভাদোদরার ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। আইসিসির বিবৃতি অনুযায়ী, টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি দেশ—বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে মূল্যায়ন করা হয়েছিল। শেষ পর্যন্ত গত ১ সেপ্টেম্বর আইসিসি বোর্ডের অনুমোদন পায় ভারত। শ্রীলঙ্কা ক্রিকেট বর্তমানে সরকার-নিযুক্ত একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’র অধীনে পরিচালিত হচ্ছে। ক্রিকেট বোর্ডের সংস্কার, সংবিধান ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনসহ বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব রয়েছে এই কমিটির ওপর। তবে আইসিসির নীতিমালা অনুযায়ী, রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কোনো অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ক্রিকেট বোর্ড পরিচালনার নিয়ম নেই। যে কারণে এর আগেও শ্রীলঙ্কা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের অধিকারও হারিয়েছিল। পরে সেই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হয়।


যে ছয় দল খেলবে

নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে অংশ নেবে ছয়টি দল—ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। অর্থাৎ প্রতিটি দল অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। এরপর সেরা দলগুলো শিরোপার লড়াইয়ে এগিয়ে যাবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।