শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে ওয়াশ সার্বজনীন সেবা আওতাভুক্তকরণ পরিকল্পনা সভা

Published: September 02, 2026 at 12:22 PM
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে ওয়াশ সার্বজনীন সেবা আওতাভুক্তকরণ পরিকল্পনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা সবার কাছে পৌঁছে দিতে ওয়াশ সার্বজনীন সেবা আওতাভুক্তকরণ পরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিসিডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঝিলিম ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি গোলাম লুৎফুল হাসান, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের মো. হারুন অর রশিদ, অনুপনগর ইউনিয়ন পরিষদের এস. আব্দুল বদী, চাঁপাইনবাবগঞ্জ এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জন পলাশ হাঁসদা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা শ্যামল এইচ. কস্তা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানুষের মৌলিক প্রয়োজন। কিন্তু জেলার বিভিন্ন এলাকায় এখনো নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


আলোচনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও এনজিও প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং এসব সমস্যা সমাধানে করণীয় তুলে ধরেন। পাশাপাশি কোন এলাকায় কী ধরনের সেবা প্রয়োজন এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা নিয়েও মতবিনিময় করা হয়।


বক্তারা আরও বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত হবে না; এর সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যসম্মত আচরণ নিশ্চিত করাও জরুরি। পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ওয়াশ সেবার আওতায় আনতে স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।


সভায় ওয়াশ সেবার সার্বজনীন কভারেজ নিশ্চিতকরণ, ইউনিয়নভিত্তিক প্রয়োজন নিরূপণ, চলমান কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, এনজিও এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জেলার সকল মানুষের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।