প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন দেশের প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে, কেউ বিদ্যালয়ের বাইরে থাকবে না। প্রতিটি শিশু মানসম্মত শিক্ষালাভ করবে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষগণের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাজ্জাজ এ সব কথা বলেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এতে জেলা প্রশাসক আবুল ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে উপস্থিত সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম পরিচালক) আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) শহিদুল ইসলামসহ অন্যরা।
সভা শেষে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তিনি বলেন, আগামীতে দেশের সব বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। খাবারের মান নিশ্চিত করতে ঠিকাদারি প্রক্রিয়ায় কঠোর নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনে প্রক্রিয়া পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের রান্না করা খাবার সরবরাহের বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের সময়সূচি, ওয়াশরুম, খেলার মাঠ, সাংস্কৃতিক চর্চা, নদীভাঙনপ্রবণ বিদ্যালয় স্থানান্তরযোগ্যভাবে নির্মাণ, দূর্গম এলাকার স্কুলে দূর্গমভাতা, অফিস কর্মচারী ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নাইটগার্ড নিয়োগের বিষয়গুলোও বিবেচনাধীন রয়েছে।