দেউলিয়া হয়ে ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এস্ত্রেলা দা অ্যামাদোরা এখন খেলছে পর্তুগালের শীর্ষ ফুটবল লিগে। ক্লাবটির পুনর্জাগরণের গল্পে এবার যুক্ত হলো নতুন অধ্যায়। চার তারকা ফুটবলার মিলে কিনে নিয়েছেন পর্তুগিজ ক্লাবটির ৯০ শতাংশ শেয়ার। তাঁদের মধ্যে তিনজনই বিশ্বকাপজয়ী।বিনিয়োগকারী আন্তর্জাতিক কনসোর্টিয়ামে রয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা টমাস মুলার ও ম্যাটস হামেলস, ফ্রান্সের বিশ্বকাপজয়ী লুকাস এরনঁদেজ এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমের। মঙ্গলবার এস্ত্রেলা দা অ্যামাদোরার পক্ষ থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবটির সাবেক মালিক ও সভাপতি পাউলো লোপোর কাছ থেকে ৪ কোটি ইউরোতে ৯০ শতাংশ শেয়ার কিনেছে কনসোর্টিয়ামটি। ২০২০ সালে মাত্র ৭২ হাজার ইউরোতে ক্লাবটি কিনেছিলেন লোপো।
কনসোর্টিয়ামটির নেতৃত্বে রয়েছে ‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপ। তাদের সঙ্গে বিনিয়োগে যুক্ত আছে ‘কেআই’ গ্রুপও। জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুলার ও হুমেলস। চার বছর পর ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এরনঁদেজ। আর সুইস গোলকিপার সমের জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন।
এই চার ফুটবলারের মধ্যে আরেকটি যোগসূত্র হলো বায়ার্ন মিউনিখ। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চারজনই জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন। মুলার অবশ্য বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার হোয়াইটক্যাপসে খেলছেন। এরনঁদেজ খেলছেন পিএসজিতে। হুমেলস ২০২৫ সালে অবসর নেওয়ার আগে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডে দুই দফায় মোট ১৮ বছর খেলেছেন। পরে রোমায় এক মৌসুম কাটিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। অন্যদিকে সমের বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের হয়ে খেলার পর বর্তমানে ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এস্ত্রেলা দা অ্যামাদোরা ২০১১ সালে দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে ক্লাবটি সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে এবং তৃতীয় বিভাগ থেকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরে। এরপর দ্রুতই সাফল্য পেয়ে ২০২৩ সালে পর্তুগালের শীর্ষ লিগে জায়গা করে নেয় ক্লাবটি। এবার চার তারকা ফুটবলারের মালিকানায় নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে লিসবনের উপকণ্ঠের ক্লাবটি।