বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 26, 2026
August 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভারতের বিপক্ষে ইতিহাসের পাতায় লঙ্কান ব্যাটার

Published: August 26, 2026 at 10:03 AM
ভারতের বিপক্ষে ইতিহাসের পাতায় লঙ্কান ব্যাটার

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। গলে দুই ইনিংসে বড় রান করার পর এবার কলম্বো টেস্টেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। টানা তিন ইনিংসে ৮০ বা তার বেশি রান করে কিংবদন্তি জহির আব্বাস ও এভারটন উইকসের পাশে নাম লিখিয়েছেন এই লঙ্কান ব্যাটার। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একপ্রান্ত আগলে রাখেন ২৫ বছর বয়সী দিনুশা। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬২ বলে ১০৩ রান করেন তিনি। এর আগে গলে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন দিনুশা। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই ৮০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি। এই কীর্তিতে দিনুশার আগে ছিলেন মাত্র দুজন। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম পাঁচ ইনিংসেই ৮০-এর বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এভারটন উইকস। সেই পাঁচ ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১২৮, ১৯৪, ১৬২, ১০১ ও ৯০। পরের ইনিংসেও ৫৬ রান করেছিলেন তিনি।


এর প্রায় তিন দশক পর ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসেই ৮০-এর বেশি রান করেছিলেন পাকিস্তানের জহির আব্বাস। তাঁর ইনিংসগুলো ছিল ১৭৬, ৯৬ ও অপরাজিত ২৩৫ রানের। প্রায় ৪৮ বছর পর সেই তালিকায় যুক্ত হলেন দিনুশা। তবে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিও শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে ফলো-অন এড়াতে সাহায্য করতে পারেনি। ভারতের প্রথম ইনিংসে করা ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯০ রানে। ফলে ফলো-অনে পড়ে চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে শ্রীলঙ্কার প্রয়োজন আরও ১৩০ রান।