বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 26, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১

Published: August 26, 2026 at 09:52 AM
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১

পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ২৪০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ৪৪৯ জন। এছাড়া ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) মঙ্গলবার প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার ৩২টি বিভাগের মধ্যে ১৬টির ৪৯৪টি পৌরসভায় মোট ১ লাখ ৮৮ হাজার ৩৪টি পরিবার বা ৪ লাখ ৬ হাজার ২৭৩ জনকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে। চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়াজুড়ে বাড়িঘর ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনজিআরডির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ২৭৫টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ১ লাখ ৮৫ হাজার ৮৮৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩৭৬টি স্বাস্থ্যকেন্দ্র, ৩ হাজার ৮১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ হাজার ৩৩৭টি সামাজিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


পরিবহন ও পানি সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪০টি সড়ক, ৭৪টি যানবাহন সেতু, ১৭টি পথচারী সেতু, পাঁচটি বিমানবন্দর এবং ১১৯টি পানি সরবরাহ ব্যবস্থা। ভূমিকম্পে প্রাণীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ২ হাজার ১৪৯টি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজার ৯৪৯টিকে উদ্ধার করা হয়েছে। ইউএনজিআরডি জানিয়েছে, এসব পরিসংখ্যান এখনো প্রাথমিক। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও সমন্বয় করছে। ফলে মৃত, নিখোঁজ ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।