সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা

Published: August 24, 2026 at 02:44 PM
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা

‘নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা-নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার’- এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এআই ব্যবহার শুরু করেছে জেলা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ এবং অপরাধমুক্ত করতে এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। 


অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয়ে জেলা সদরের বিশ্বরোড মোড়, শান্তিমোড়, ফুড অফিস মোড়, বড় ইন্দারা মোড়, বারঘরিয়াসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক এআই সক্ষম সিসিটিভি ক্যামেরা। 


সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।


পুলিশের পক্ষ থকে জানানো হয়েছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরো সহজ হবে। অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হবে।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। 


প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


উল্লেখ্য, সিসিটিভি ক্যামেরা অপরাধ দমনে একটি আধুনিক প্রযুক্তি। এটি সাধারণ ক্যামেরার মতো শুধু ভিডিও রেকর্ড করে না, বরং স্বয়ংক্রিয়ভাবে মুখাবয়ব, যানবাহনের নম্বর প্লেট এবং সন্দেহজনক আচরণ রিয়েল-টাইমে শনাক্ত করে পুলিশ বা নিয়ন্ত্রণ কক্ষে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়।