চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ২৮ সেন্টিমিটার, মহানন্দায় ২৮ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশন, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশন ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল নির্ণয় করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৯.২৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৫১ মিটার। অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.৭৫ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৭.৬৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.৭৭ মিটার। উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার।