ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী বহনকারী নৌবহর ফ্লোটিলাকে আটকে দেওয়া এবং ফ্লোটিলার অভিযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গত কাল শনিবার তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় এ পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক। পরোয়ানায় নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে গাজা নিয়ন্ত্রণকারী বাহিনী হামাসের যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ২ বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল সেই অভিযান। গাজায় আইডিএফের অভিযানের সবচেয়ে তীব্র সমালোচনাকারী রাষ্ট্র ছিল তুরস্ক। গত ২ বছরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বেশ কয়েক বার নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ বলেছেন। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে গত মে মাসে স্পেন থেকে রওনা হয়েছিল নৌবহর ফ্লোটিলা। বহরের ছোটো-বড় ৫০টি নৌযানে ছিলেন ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪৩০ জন মানবাধিকারকর্মী। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই মে মাসে আটকে দেওয়া হয় ফ্লোটিলা নৌবহরকে, অভিযাত্রীদের আটক করা হয় এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসার পর অভিযাত্রীরা বলেছেন, আটক অবস্থায় তাদের অনেকেই ইসরায়েলের পুলিশ ও সেনা সদস্যদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। নেতানিয়াহুর পাশাপাশি অ্যাফেক মোসকোভিৎজ নাসের এক ইসরায়েলি সেনার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আকিন গুরলেক বলেছেন, “আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার ওভিযোগে বিচার মন্ত্রণালয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান তাদের গ্রেপ্তারে যেন লাল নোটিশ জারি করা হয়। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত হামলা-মারধর-নির্যাতন, সম্পত্তি ধ্বংস, গুরুতর লুটপাট এবং যানবাহন ছিনতাইয়ের অভিযোগে নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে এক্সবার্তায় বলেছেন আকিন গুরলেক।
সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড