শনিবার ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 22, 2026
August 22, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট

Published: August 22, 2026 at 12:13 PM
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। যে কারণে সিরিজের শেষ টেস্টে টাইগারদের নিয়ে প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। তবে সেই প্রত্যাশার বেলুন চুপসে যায় ম্যাচ শুরুর ঘন্টাখানেকের মধ্যেই। অজি পেসাররা প্রথম ইনিংসে টাইগার ব্যাটারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে। টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। পরে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় টাইগাররা। সেই সাফল্যের রেশ না কাটতেই বাংলাদেশ ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ধরাশয়ী। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে তারা। অজি পেসার মিশেল স্টার্ক তার প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬৪ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমন বিশ্রী ব্যাটিংয়ের ব্যাখা কী আসলে? এদিন প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই ডাক খেয়েছেন। মুমিনুল হকও ফেরেন মাত্র ৯ রানে। ৫ বল খেলে লিটন দাসও ডাক খান। এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফেরেন ৫ রানে।  ২১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তারপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ ১৪ রানের জুটি গড়েন। দ্রুত উইকেট হারাতে থাকলে ৩৯ রানে নবম উইকেটের পতন হয়, শঙ্কা জাগে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে (৪৩) অলআউট হওয়ার। কিন্তু তাইজুল ইসলাম ৩০তম ওভারের শেষ বলে হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়িয়ে দেন। শরিফুল ১১ নম্বরে নেমে ইনিংসের সর্বোচ্চ ১৪ রান করেন। তাইজুল ইসলামের সঙ্গে ৩৫ বলে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন। এমন ছন্নছাড়া ব্যাটিংয়ের কারণ খুঁজতে গিয়ে সামনে এসেছে উইকেটের ভিন্নতা এবং টস হেরে আগে ব্যাটিংয়ের বিষয়টা। বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুও জানালেন তেমনটা। ঢাকা পোস্টকে নান্নু বলছিলেন, 'দেখেন টেস্ট ক্রিকেটে প্রথম সেশনটা ভালো ব্যাট করতে না পারলে কিন্তু খুব সমস্যা। একটা চাপে পড়ে যেতে হয়, আর এই ধরনের কন্ডিশনে টস কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু টস জিততে পারে নাই আর উইকেটগুলো খুব দ্রুত পড়ে গেছে। কিছু কিছু আউট ওদের বোলারদের থেকে আমাদের ব্যাটসম্যানদের ভুল ছিল বেশি। আর এত কম রানে অলআউট হয়ে ফিরে আসা কঠিন। তবে আমাদের বোলাররা প্রমাণ করেছে ভালো করেছে। এখন দেখা যাক আসলে কত রানে তাদের আটকিয়ে ম্যাচটা নিয়ন্ত্রণ করা যায়।'-যোগ করেন তিনি।  ৬৪ রানে অলআউট অবশ্য নান্নুর কাছে হতাশাজনক, 'অবশ্যই হতাশাজনক, তবে কন্ডিশনটা ভিন্ন ছিল এই টেস্টে। সাধারণত এই ধরনের উইকেটে কিন্তু আমরা খেলে অভ্যস্ত না। যার কারণে উইকেটের কন্ডিশনের কারণে আমরা ব্যাকফুটে চলে গিয়েছে ব্যাটিংয়ে। এমন পরিস্থিতি থেকেও ফিরে আসা সম্ভব বলছেন বিসিবির এই পরিচালক, 'এটা এভাবে বলাটা ঠিক হবে না, অন্য দেশও কিন্তু এমন রানে অলআউট হয়েছে। হাহুতাশ করার কিছু নাই, আজকে প্রথম দিন হল যদিও এই টেস্টে ফিরতে পারা কঠিন। তবুও আশা তো রাখতে হবে, ক্রিকেটে কোনো কিছু আগাম বলা যাবে না। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে,  আমরা খারাপ করেছি ব্যাটিংয়ে। সুতরাং অস্ট্রেলিয়াতে যত দ্রুত অল আউট করা যায়, এরপর দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো করতে হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার শাহাদাৎ হোসেন বিদ্যুত ঢাকা পোস্টকে বলেন, 'খারাপ ব্যাটিং...আসলে আমাদের আরো ভালো করা দরকার ছিল। মাঝেমধ্যে আসলে এরকম হয়, কন্ডিশনটা আসলে ভিন্ন, দুর্ভাগ্যজনক হয়ে গেছে। ব্যাটিংটা পুরোপুরি কলাপ্স হয়েছে আসলে আজকে। টস নিয়ে আসলে কিছু বলবো না আগেও ব্যাটিং করতে হত, পরেও ব্যাটিং করতে হত। দুটোর একটা সময় তো ব্যাটিং করতেই হতো, কিন্তু উইকেটটা একটু ভিন্ন ছিল মনে হচ্ছে। বিদ্যুতের চাওয়া দ্রুত অজিদের অলআউট করা, 'এখন অস্ট্রেলিয়াকে যত দ্রুত অল আউট করা যায় ততই আমাদের জন্য ভালো হবে। দ্বিতীয় ইনিংসে আমাদের বড় রান করতে হবে দ্রুত কামব্যাক করার জন্য। এটা আসলে একটু কঠিন হয়ে যাবে, এখন দেখা যাক। ক্রিকেটে শেষ বলে কিছু নেই। অস্ট্রেলিয়া দুই উইকেট হাতে রেখে দিন শেষ করেছে। ৮ উইকেটে ১৬৫ রান তাদের, প্রথম ইনিংসে লিড ১০১ রানের।