চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ বিকেলে উদ্বোধনী দিনের খেলায় বড় জয় পেয়েছে সদর উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ ব্যবধানে ভোলাহাট ফুটবল দলকে হারিয়েছে তারা। খেলায় ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলার আবদুল আহাদ।
খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে এরফান গ্রুপ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আলম, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠু ও সদস্য তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরো বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।