বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো

Published: August 12, 2026 at 10:37 AM
আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো

দীর্ঘ এক দশকের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একেবারে পারিবারিক ও ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। রোনালদোর প্রতিনিধিরা বিয়ের খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। দুজনের অনামিকায় দেখা যায় বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীক দিয়ে দেওয়া ছোট্ট বার্তাতেই ভক্তদের কাছে বিয়ের খবর পরিষ্কার হয়ে যায়। এর আগে, গত বছরের ১১ আগস্ট বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। অনামিকায় বড় একটি আংটি পরে রোনালদোর হাতের ওপর নিজের হাত রাখা ছবি প্রকাশ করেছিলেন তিনি। ঠিক এক বছর পর সেই সম্পর্ক পেল পরিণতি। দীর্ঘদিনের প্রেমের পর এবার আইনগতভাবেও স্বামী-স্ত্রী হলেন রোনালদো ও জর্জিনা।


প্রথম দেখাতেই প্রেম

২০১৬ সালে স্পেনের মাদ্রিদে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই রোনালদোর সঙ্গে তাঁর পরিচয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। জর্জিনার ভাষায়, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’। ২০১৭ সালের শুরুতে একটি পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রোনালদো। এরপর থেকে নানা আয়োজন, ভ্রমণ ও পারিবারিক মুহূর্তে তাঁদের একসঙ্গেই দেখা গেছে।


আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো

জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ফলে বিয়ের পর রোনালদোকে মজা করে আর্জেন্টিনার ‘জামাই’ বলছেন ফুটবলপ্রেমীদের অনেকে। পর্তুগালের তারকা হলেও এবার আর্জেন্টিনার সঙ্গেও পারিবারিক সম্পর্ক তৈরি হলো তাঁর। বিয়ের স্থান নিয়েও আগে নানা গুঞ্জন ছিল। পর্তুগালের রাজধানী লিসবনের বাইরে সিন্ত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরায় বিয়ের আয়োজন হতে পারে বলে খবর ছড়িয়েছিল। এমনকি মাদেইরার একটি গির্জার সামনে বিয়ের গুঞ্জনে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। পরে জানা যায়, সেখানে রোনালদো-জর্জিনার বিয়ের কোনো আয়োজনই ছিল না। শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে কাসকাইসের একটি ভিলায় বিয়ের আয়োজন করেন তাঁরা।


পাঁচ সন্তান নিয়ে সংসার

রোনালদো ও জর্জিনার পরিবার বেশ বড়। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। তাঁর মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো। এরপর সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা ও মাতেওর বাবা হন তিনি। ২০১৭ সালে জর্জিনার গর্ভে জন্ম নেয় তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনা যমজ সন্তানের জন্ম দেন। তাঁদের একজন বেলা বেঁচে থাকলেও ছেলে অ্যাঞ্জেল জন্মের কিছুক্ষণ পর মারা যায়। সেই কঠিন সময়ও একসঙ্গে পার করেছেন রোনালদো ও জর্জিনা।


ফুটবলের বাইরেও তারকা জুটি

রোনালদো-জর্জিনা শুধু ফুটবল বা বিনোদন জগতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও অন্যতম পরিচিত তারকা জুটি। তাঁদের অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফ্যাশন, হোটেলসহ বিভিন্ন ব্যবসায়ও তাঁদের বিনিয়োগ রয়েছে। ৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোলের পাশাপাশি পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে সাফল্যের পর এখন সৌদি আরবেও নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। দীর্ঘ প্রেম, সন্তান, সাফল্য আর নানা উত্থান-পতনের পর এবার স্বামী-স্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন রোনালদো ও জর্জিনা।