বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রথম ম্যাচে কি ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

Published: August 12, 2026 at 10:32 AM
প্রথম ম্যাচে কি ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও মুশফিক হাসান- স্কোয়াডে ৫ পেসার নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। ম্যাচের একাদশে কতজন পেসার থাকবেন, সেটিই এখন বড় প্রশ্ন। প্রথম টেস্টের আগের দিন পর্যন্ত সেই প্রশ্নের উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ের মতো তিন পেসার নিয়ে খেলবেন নাকি উইকেট বিবেচনায় নেওয়া ৪ পেসার, তা ম্যাচের আগের দিন পর্যন্ত ঠিক করা হয়নি বললেন বাংলাদেশ অধিনায়ক। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উঠে এলো একাদশের প্রসঙ্গ। সাম্প্রতিক রীতি বজায় রেখে ম্যাচের ২৪ ঘণ্টা আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।


তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেজেলউডের সঙ্গে পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আছেন স্বাগতিক একাদশে। বাংলাদেশও কি চার পেসার নিয়ে নামবে নাকি তিন পেসারের সঙ্গে চিরাচরিত দুই স্পিনার থাকবে একাদশে, সেই প্রশ্নই উঠল। তিনি বলেন, “উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা এত দিন দুই স্পিনারের সঙ্গে তিন পেসার নিয়ে স্বাভাবিক কম্বিনেশন সাজিয়ে খেলেছি। তবে কন্ডিশন যাচাই করে... আগামীকাল আরেকবার দেখে কন্ডিশন অনুযায়ী একাদশ সাজাব আমরা।” পেস বিভাগে অন্যতম সেরা অস্ত্র নাহিদ রানাকে পাচ্ছেন না শান্ত। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ এই গতিতারকা। তার অভাববোধ করলেও স্কোয়াডে থাকা অন্য পেসারদের ওপর আস্থার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।


তিনি আরও বলেন, “অবশ্যই (নাহিদ রানাকে) মিস করব। তবে এখন আসলে 'যদি কিন্তু' নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যবশত নাহিদ রানা এখানে নেই। তবে যেই পেস ইউনিট এখানে আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশনটা ভালোভাবে কাজে লাগাতে পারবে।” বোলিং বিভাগে নাহিদের অভাব থাকলেও, ব্যাটিং লাইনআপে স্বস্তি হয়ে এসেছে লিটন কুমার দাসের ফেরা। শান্ত জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট অভিজ্ঞ এই কিপার-ব্যাটার। তাকে পাওয়া দলের জন্যও বাড়তি সুবিধার মনে করেন শান্ত। শান্ত বলেন, “লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা বাড়ছে। ওই জায়গায় ধারাবাহিকতা আছে তার। সো, এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে, সেখানে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করার আশা রাখছি। প্রস্তুতিটাও ভালো হয়েছে, এখানে যে কয়দিন আছি।”