বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 10, 2026
খেলাধুলা
খেলাধুলা

ক্রিকেটে প্রথমবার মহাদেশীয় চ্যাম্পিয়ন ব্রাজিল

Published: August 10, 2026 at 10:12 AM
ক্রিকেটে প্রথমবার মহাদেশীয় চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবলের দেশ হিসেবে ব্রাজিলের পরিচিতি বিশ্বজুড়ে। তবে ক্রিকেটেও এবার ইতিহাস গড়ল পাঁচবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন দেশটি। দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল। রবিবার কলম্বিয়ায় টুর্নামেন্টের ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। রোমাঞ্চকর ম্যাচের শেষ ওভার পর্যন্ত টিকে থাকা উত্তেজনায় অবশেষে ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটায় তারা। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। জয়ের জন্য শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান। ব্রাজিলের অধিনায়ক মিশেল আসুনসাও বল হাতে নেন সেই গুরুত্বপূর্ণ ওভার। প্রথম তিন বলে মাত্র ২ রান দেন আসুনসাও। চতুর্থ বলে পানামার সুফিয়ান তারাজিয়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। পরের বলটি ওয়াইড হওয়ার পাশাপাশি বাই থেকে আসে আরও এক রান। ফলে শেষ দুই বলে পানামার প্রয়োজন দাঁড়ায় ৪ রান।


তবে চাপের মুহূর্তে দারুণ বোলিং করেন ব্রাজিল অধিনায়ক। পঞ্চম বলে ২৭ রান করা ইরফান হাফেজিকে আউট করে দেন তিনি। শেষ বল থেকেও কোনো রান নিতে পারেনি পানামা। ফলে ৩ রানের জয় নিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফাইনালে ব্যাট হাতে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন আসুনসাও। ১৯৯৫ সাল থেকে আয়োজিত দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এটি ২১তম আসর। ব্রাজিল এখন পর্যন্ত ২০টি আসরে অংশ নিয়েছে। এর আগে ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল তারা। এবার প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল দেশটি।


শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্রিকেট ব্রাজিল। তারা লিখেছে, প্রথমবারের মতো ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপাকে ব্রাজিলিয়ান ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্রিকেটের উন্নয়নে কাজ করা সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। বার্তার শেষে ছিল উচ্ছ্বসিত ঘোষণা- ‘আমরাই চ্যাম্পিয়ন! আমরাই ব্রাজিল!’