রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
August 09, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভিনিকে না পাওয়ায় আর্সেনালের সামনে যে তিন বিকল্প

Published: August 09, 2026 at 12:48 PM
ভিনিকে না পাওয়ায় আর্সেনালের সামনে যে তিন বিকল্প

ভিনিসিয়ুস জুনিয়রকে পাওয়ার আশা শেষ। রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ফলে আর্সেনালের লেফট উইং শক্তিশালী করার পরিকল্পনায় বড় ধাক্কা এসেছে। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে হলে মিকেল আরতেতার দলে আরও একজন বিশ্বমানের লেফট উইঙ্গার প্রয়োজন। কিন্তু দলবদলের বাজার বন্ধ হওয়ার সময় যত এগিয়ে আসছে, ততই কমছে বিকল্প খোঁজার সময়। ভিনিসিয়ুসের পর আর্সেনাল কাদের দিকে তাকাতে পারে? সম্ভাব্য তিনটি নামের মধ্যে সবচেয়ে আলোচিত রাফায়েল লেয়াও, রদ্রিগো ও মার্কাস রাশফোর্ড।


১. রাফায়েল লেয়াও

ভিনিসিয়ুসের বিকল্প হিসেবে রাফায়েল লেয়াওকে সবচেয়ে বড় সুযোগ মনে করা হচ্ছে। এসি মিলানের এই পর্তুগিজ ফরোয়ার্ড ইতোমধ্যেই ইতালিয়ান ক্লাব ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ২৬ বছর বয়সী লেয়াও নিজেই নাকি আর্সেনালের কাছে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছাও রয়েছে তার। সবচেয়ে বড় আকর্ষণ তার সম্ভাব্য মূল্য। প্রায় ৫০ মিলিয়ন ইউরোতেই তাকে পাওয়া যেতে পারে বলে খবর। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ওঠার ক্ষমতা ও বিস্ফোরক গতি বিবেচনায় লেয়াও হতে পারেন ভিনিসিয়ুসের কার্যকর ও তুলনামূলক কম খরচের বিকল্প।


২. রদ্রিগো

ভিনিসিয়ুসকে না পেলে তার রিয়াল সতীর্থ রদ্রিগোকেও ভাবতে পারে আর্সেনাল। ভিনিসিয়ুসের দলবদল ভেস্তে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটাই মনে করছেন অনেকে। কারণ রদ্রিগোর মতো খেলোয়াড় আর্সেনালের একাদশকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে উইং থেকে গোল করার ক্ষমতায় যোগ হবে নতুন মাত্রা।

সম্প্রতি চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার দিক থেকেও তিনি এখনো দুর্দান্ত। তবে রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। এই গ্রীষ্মে ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ায় রদ্রিগোর খেলার সময় আরও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সুযোগটাই কাজে লাগাতে পারে আর্সেনাল।


৩. মার্কাস রাশফোর্ড

তালিকার সবচেয়ে চমকপ্রদ নাম মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ডকে ঘিরে এর আগেও আর্সেনালের আগ্রহের গুঞ্জন শোনা গেছে। সাম্প্রতিক দলবদলের বাজারে রাশফোর্ডের সম্ভাব্য মূল্য প্রায় ৪০ মিলিয়ন ইউরো বলে ধরা হয়েছে। ট্রান্সফারমার্কটেও আর্সেনালের সঙ্গে তার নাম জড়িয়েছে।

উত্তর লন্ডনে পাড়ি দিলে রাশফোর্ডের ক্যারিয়ারও নতুন গতি পেতে পারে। ইংলিশ ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তার বড় সুবিধা। গতি ও কাউন্টার অ্যাটাকের দক্ষতাও আর্সেনালের আক্রমণভাগে নতুন বৈচিত্র্য আনতে পারে।

এইচজেএস