বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: August 06, 2026
August 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে: মিরাজ

Published: August 06, 2026 at 02:16 PM
প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে: মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে আত্মবিশ্বাসী মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ১০৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই অলরাউন্ডার।

ডারউইনের মারারা ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ১০৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে এসে সতীর্থদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন মিরাজ। শেষ দিকে খালেদ আহমেদের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে দুইশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।

শেষ ব্যাটার হিসেবে খালেদ আউট হলেও ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। ১৪১ বলের ইনিংসে তিনি ১১টি চার ও চারটি ছক্কা হাঁকান। তার সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে মিরাজ বলেন, এই সেঞ্চুরি আসন্ন টেস্ট সিরিজে তাকে আত্মবিশ্বাস দেবে।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, তাই এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে আমার জন্যই ভালো হবে। পাশাপাশি দলের জন্যও ভালো হবে।’

নিজের ইনিংসের শুরুটা কঠিন ছিল উল্লেখ করে মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘আমার জন্য কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ারও চেষ্টা করেছি।’

মিরাজ জানান, ইনিংসের শুরুতে তার লক্ষ্য ছিল উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া, দ্রুত রান করা নয়। তিনি বলেন, ‘প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মিরাজের এই সেঞ্চুরি তাই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসের রসদ হয়ে উঠেছে।