মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 04, 2026
August 04, 2026
খেলাধুলা
খেলাধুলা

ক্লাব ফুটবল থেকে অবসর নিয়ে জানালেন নেইমার

Published: August 04, 2026 at 11:25 AM
ক্লাব ফুটবল থেকে অবসর নিয়ে জানালেন নেইমার


নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছেন। এখন একটাই প্রশ্ন, ক্লাব ফুটবলে আর কতদিন দেখা যাবে নেইমারকে? সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এরপর ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন, নতুন কোথাও যাবেন, নাকি ফুটবল থেকেই অবসর নেবেন? এসব ব্যাপারে কথা বলেছেন নেইমার।

সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। 

ক্লাব ফুটবল থেকে অবসরের ব্যাপারে নেইমার বলেন, ‘আমি কতদিন খেলব জানি না। এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন টিকব তাও নিশ্চিত নয়। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সি গায়ে সেরা পারফর্ম করতে চাই।’

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করলেও এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেন, ‘সত্যি বলতে আমি জানি না সামনে কী করব। ডিসেম্বরের এখনো অনেক বাকি। চুক্তির মেয়াদ শেষ হলে বসে ভাবব- সান্তোসে থাকব, চলে যাব, নাকি ফুটবল খেলা থামিয়ে দেব। তবে আমরা আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি এখন ভালো বোধ করছি, আর এটাই সবচেয়ে বড় কথা।’

সামনেই সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে দলটি। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় শেষ আটে যেতে হলে জয়ের বিকল্প নেই সান্তোসের। দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকালেই বেলমের উদ্দেশে রওনা হয়েছেন নেইমার।

ম্যাচের আগে নিজের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী এই নেইমার। তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলব, কোচ আমার শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং পেসাওদের (সান্তোস সমর্থকদের) একটি জয় উপহার দিতে পারব।’