দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। সোমবার (৩ আগস্ট) লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগানে এসব বোমা ফেলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও এনএনএ দাবি করেছে।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে।