চলতি সপ্তাহে বিয়ে করতে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর সেভেনের বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা।
সেখানেই জানা গিয়েছে, তারকা দম্পতির শুভ পরিণয় বেশি দূরে নয়।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম একট টিভির প্রতিবেদনে বলা হয়, আজ (১ আগস্ট) শুভ কাজটি সেরে ফেলতে পারেন রোনালদো ও পাত্রী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসছে বিবাহের অনুষ্ঠান।
অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা।
সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা জর্জিনা রদ্রিগেগের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা।’
তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কোথাও অনুষ্ঠানের সময় বিকেল ৫টা লেখা রয়েছে, আবার কোথাও দুপুর ২টা উল্লেখ করা হয়েছে।
তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনালদোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা।
পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দুজনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা।