বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 31, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনের সিউটায় একদিনে ৪৯ হাজারের বেশি অনুপ্রবেশ, মৃত্যু ১৮

Published: July 31, 2026 at 12:28 PM
স্পেনের সিউটায় একদিনে ৪৯ হাজারের বেশি অনুপ্রবেশ, মৃত্যু ১৮

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় নজিরবিহীন সংখ্যক অভিবাসীর অনুপ্রবেশের পর সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে স্পেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি মানুষ মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে সিউটায় প্রবেশ করেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় সীমান্ত অনুপ্রবেশের ঘটনা। একই সময়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে,  হঠাৎ বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে স্থানীয় প্রশাসন চাপে পড়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে।

একই সঙ্গে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং মরক্কোর সঙ্গে স্পেনের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই সীমান্তের বাধা অতিক্রম করতে সাঁতরে যাওয়ার সময় ডুবে মারা গেছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্তে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় স্পেনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় ইউরোপের অন্যান্য দেশেও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতালি ইউরোপের বহিঃসীমান্ত রক্ষায় ‘অসাধারণ ব্যবস্থা’ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

অন্যদিকে স্পেনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইউরোপের কিছু রাজনীতিক এই অভিবাসন সংকটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন।