শুক্রবার ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 24, 2026
July 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

ব্যর্থ জার্মানির নতুন প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

Published: July 24, 2026 at 12:27 PM
ব্যর্থ জার্মানির নতুন প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর জুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হিসেবে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আলোচনা চলাকালে তিনি জানান, বিরতির পর তিনি এখন নতুন করে শক্তি অর্জন করেছেন।

২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর কোচিং থেকে দূরে ছিলেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে মাত্র ১১ দিনে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে জার্মানি।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জেতানো ক্লাপ ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলস হেড অব সকারের দায়িত্ব নেন। বিশ্বকাপ চলাকালে ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।