বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

Published: July 23, 2026 at 12:58 PM
১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে জানিয়েছে, ২৮ মে থেকে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ছিল ২০১০ সালে। তার আগে ২০০৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। দুই সফরেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ হারে। ফলে দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। ২০০৩ ও ২০১০ সালে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। তবে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়। সেই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ২২ রানে জয় পায় ইংল্যান্ড। কিন্তু ঢাকায় দ্বিতীয় টেস্টে ১০৮ রানের ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেয়েছে, আর ইংল্যান্ড জিতেছে বাকি ৯টি ম্যাচ।

এদিকে পুরুষ দলের সফরের পর একই বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর ওরচেস্টারশায়ারে। এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।