প্রায় এক মাস ধরে প্রতিদিনের রুটিনে জায়গা করে নিয়েছিল বিশ্বকাপ ফুটবল! দিনের শেষে কিংবা গভীর রাতে টেলিভিশনের সামনে বসে প্রিয় দলের লড়াই দেখাই যেন হয়ে উঠেছিল কোটি ফুটবলপ্রেমীর অভ্যাস। তবে সেই ধারাবাহিকতায় আজ ব্যতিক্রম। বিশ্বকাপ শুরুর পর এই প্রথম কোনো ম্যাচ ছাড়াই কাটছে একটি দিন। মাঠে নেই কোনো প্রতিযোগিতা, নেই হুইসেলের শব্দ কিংবা শেষ মুহূর্তের নাটকীয়তা। তবে এই বিরতি আসলে আরও বড় লড়াইয়ের প্রস্তুতির অংশ! শেষ ষোলোর সব ম্যাচ শেষ হওয়ার পর এবং কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে দলগুলোকে প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ করে দিতেই সূচিতে রাখা হয়েছে এক দিনের এই বিরতি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দল যেন নকআউটের দুই ম্যাচের মাঝে অন্তত তিন দিনের বিশ্রাম পায়, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ আটের লড়াই। এরপর টানা চার দিন ধরে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। ঘন সূচির এই বিশ্বকাপে শেষ আটের প্রতিটি ম্যাচই আলাদা দিনে আয়োজন করা হচ্ছে, যাতে প্রতিটি দল সমান বিশ্রামের সুযোগ পায় এবং প্রতিযোগিতার মান অক্ষুণ্ন থাকে। শেষ ষোলোর শেষ দিনটি ছিল নাটকীয়তায় ভরপুর। প্রথম ম্যাচে মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। ম্যাচটি শুধু রোমাঞ্চের জন্য নয়, মিসরের বাতিল হওয়া গোল ঘিরে ভিএআর বিতর্কের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার লড়াই নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও গোলশূন্য ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় জয় তুলে নেয় সুইজারল্যান্ড। সেই জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয় বিশ্বকাপের শেষ আটের পূর্ণাঙ্গ তালিকা। এখন শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র আটটি দল। প্রতিটি ম্যাচই কার্যত একটি ফাইনাল, কারণ একটি পরাজয় মানেই বিদায়। ফলে বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অধ্যায়ের অপেক্ষা এখন আর মাত্র এক দিনের। কোয়ার্টার ফাইনালের সূচনা হবে শুক্রবার, ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে। এরপর শনিবার, ১১ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। রবিবার, ১২ জুলাই রাত ৩টায় নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। একই দিন সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।আজ মাঠে কোনো লড়াই না থাকলেও বিশ্বকাপের উত্তেজনা একটুও কমেনি। বরং এই সংক্ষিপ্ত বিরতির পর শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে কে এগোবে শিরোপার আরও এক ধাপ কাছে, আর কার শেষ হবে বিশ্বকাপ স্বপ্ন!
কোয়ার্টার ফাইনাল সূচি ম্যাচ তারিখ সময় ভেন্যু
ফ্রান্স : মরক্কো ৯ জুলাই দিবাগত রাত ২টা বোস্টন
স্পেন : বেলজিয়াম ১০ জুলাই দিবাগত রাত ১টা লস অ্যাঞ্জেলস
নরওয়ে : ইংল্যান্ড ১১ জুলাই দিবাগত রাত ৩টা মায়ামি
আর্জেন্টিনা : সুইজারল্যান্ড ১২ জুলাই সকাল ৭টা কানসাস