ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের আগে নিজেদের মিডফিল্ডকে প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন স্পেন অধিনায়ক ও ব্যালন ডি’অর জয়ী রদ্রি। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে স্পেনের মিডফিল্ডে থাকছেন রদ্রি, পেদ্রি ও দানি ওলমো। অন্যদিকে পর্তুগালের মাঝমাঠে থাকবেন ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস। এর আগে গত বছর উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় পায় পর্তুগাল। ম্যাচের আগে সাংবাদিকদের রদ্রি বলেন,‘ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। আমরা একে অপরকে ভালোভাবে চিনি। আমার মতে, পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তাই পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ পর্তুগালের মিডফিল্ড ত্রয়ীকে বিশ্বের সেরা বলা যায় কি না, এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন,‘আমার কাছে নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। ওদের দলে অসাধারণ খেলোয়াড় আছে, যারা দল হিসেবেও খুব ভালো। তবে আমরা মাঠে প্রমাণ করতে চাই আমরাই সেরা।’ চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে স্পেন। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি দলটি। রাউন্ড অব ৩২-তে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে তারা।
অন্যদিকে পর্তুগাল শেষ ১৬ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে। নিজেদের পারফরম্যান্স নিয়ে রদ্রি আরও বলেন,‘আমরা ধীরে ধীরে আরও ভালো করছি। নকআউট পর্বে এসে স্পেনের আসল শক্তি দেখা যাবে। এখনই বড় কিছু শুরু হচ্ছে।’ চোটের কারণে কিছুটা সময় ছন্দ হারালেও এখন নিজেকে ফিট মনে করছেন বলে জানান রদ্রি। তার ভাষায়, ‘আমি এখন পুরোপুরি ফিট। প্রতিটি ম্যাচেই উন্নতি করছি। আসল ম্যাচগুলো এখন শুরু।’ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও দলের মিডফিল্ড নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন,‘পর্তুগাল খুব শক্তিশালী দল, তবে আমার বিশ্বাস আমার মিডফিল্ডাররাই বিশ্বের সেরা।’ কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।