রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 05, 2026
জাতীয়
জাতীয়

বাজার তদারকিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ

Published: July 05, 2026 at 10:19 AM
বাজার তদারকিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ

দেশের বাজার তদারকি কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একইসঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী টিম লিডারদের নেতৃত্বে দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। রবিবার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, বাজার ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা একই লক্ষ্য নিয়ে কাজ করলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কার্যকর সমন্বয় নিশ্চিত করা। মাঠপর্যায়ে দ্রুত পদক্ষেপ, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, শুধু তদারকি নয়, কাজের প্রতি দায়বদ্ধতা ও ইতিবাচক মনোভাবও গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ভাগাভাগি এবং কার্যকর কর্মপদ্ধতি অনুসরণ করলে বাজার মনিটরিং আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

আতাউর রহমান খান জানান, বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি সরকারের আরও কয়েকটি সংস্থা বাজার তদারকির সঙ্গে যুক্ত রয়েছে। তাই এ কার্যক্রমকে সফল করতে সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে সময়োপযোগী, দক্ষ এবং ফলাফলমুখী। মাঠপর্যায়ে যে কোনো সমন্বয়হীনতা দ্রুত দূর করে সুশৃঙ্খলভাবে অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজার তদারকি ব্যবস্থাকে আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন বাণিজ্য সচিব। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনা অনুযায়ী শিগগিরই বাজার মনিটরিংয়ে একটি নতুন পাওয়ার অ্যাপ চালু, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।