তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের উৎসব ব্যাহত হয়েছে। রেকর্ড তাপপ্রবাহের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠান বাতিল, স্থগিত বা সময় পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেক আয়োজনই শেষ মুহূর্তে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আয়োজকেরা।ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের মধ্যে ছিলেন। অনেক এলাকায় তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে স্থানীয় সময় বিকেল ৫টায় তা আবার চালু করা হয়। আয়োজকেরা বলেন, অতিথি, স্বেচ্ছাসেবক, শিল্পী, বিক্রেতা ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
দাবদাহের কারণে ফিলাডেলফিয়ার ঐতিহাসিক স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড বাতিল করা হয়েছে। আয়োজক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেলবেনে বলেন, বিপজ্জনক গরমের মধ্যে এত বড় আয়োজন করা সম্ভব নয়। ওয়াশিংটনের ফ্রিডম ২৫০ মেলায় তাপজনিত অসুস্থতায় বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে। ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগের তথ্য অনুযায়ী, অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সবার অসুস্থতার কারণ তাপপ্রবাহ ছিল কি না, তা নিশ্চিত করা হয়নি। তাপপ্রবাহের কারণে ওয়াশিংটন ডিসির খোলা আকাশের নিচের অ্যা ক্যাপিটল ফোর্থ কনসার্টে দর্শক প্রবেশের সময়ও পরিবর্তন করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তীব্র গরমের মধ্যেও তিনি খোলা আকাশের নিচেই স্বাধীনতা দিবসের ভাষণ দিতে চান।
আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তজুড়ে পূর্বাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট এবং ওয়াশিংটন ডিসিতে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আগের তুলনায় আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠছে।