রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 01, 2026
বিনোদন
বিনোদন

৩৫ বছরেই নিভে গেল হলিউড অভিনেত্রী ডেভি চেইসের জীবনপ্রদীপ

Published: July 01, 2026 at 11:52 AM
৩৫ বছরেই নিভে গেল হলিউড অভিনেত্রী ডেভি চেইসের জীবনপ্রদীপ

হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর কেন্দ্রীয় চরিত্র লিলোর কণ্ঠদাতা এবং বিখ্যাত হরর সিনেমা ‘দ্য রিং’-এর খুদে ভূত ‘সামারা মরগান’ চরিত্রের অভিনেত্রী ডেভি চেইস আর নেই। গত ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ৩৫ বছর বয়সে মারা যান এই মার্কিন অভিনেত্রী।  সম্প্রতি লস অ্যাঞ্জেলেস করোনার অফিস তার মৃত্যুর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তার মৃত্যুর পেছনে এক বেদনাদায়ক ও চাঞ্চল্যকর কারণ সামনে এসেছে। করোনার অফিসের প্রতিবেদন অনুযায়ী, ডেভি চেইসের মৃত্যুর প্রধান কারণ ছিল এইডস (অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম)। এ ছাড়া মৃত্যুর সহযোগী কারণ হিসেবে তার দীর্ঘদিনের অতিরিক্ত মাদকাসক্তিকে দায়ী করা হয়েছে।  অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার ‘নিউ ইয়র্ক টাইমস’কে জানিয়েছেন, ডেভি দীর্ঘ সময় ধরে গৃহহীন জীবন যাপন করছিলেন এবং মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। পারিবারিক দূরত্বের কারণে দীর্ঘদিন তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।


মৃত্যুর অব্যবহিত পরে ডেভির প্রেমিক রয় হার্নান্দেজ সংবাদমাধ্যম টিএমজেড-কে জানিয়েছিলেন যে, ডেভি মেনিনজাইটিস এবং সেপসিসে (রক্তে গুরুতর সংক্রমণ) আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে একটি অর্থসাহায্য চেয়ে করা পোস্টে রয় লিখেছিলেন, লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে ডেভিকে অনেক কষ্ট ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং তিনি তাকে একটি সুন্দর ও নিরাপদ জীবন দেওয়ার চেষ্টা করছিলেন। ২০০২ সালে ‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমায় কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ডেভি চেইস এর সিক্যুয়েল এবং টিভি সিরিজেও লিলো চরিত্রের কণ্ঠ দেন। এ ছাড়া ‘বিগ লাভ’ সিরিজে কিশোরী কনে রোন্ডা ভলমার এবং ‘ডনি ডার্কো’ সিনেমায় সামান্থা ডার্কো চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। তবে ২০১৬ সালের পর তিনি অভিনয়জগৎ থেকে পুরোপুরি দূরে সরে যান। পরবর্তী সময়ে গাড়ি চুরি এবং অবৈধ মাদক রাখার মতো বেশ কিছু আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিল এই প্রতিভাবান অভিনেত্রীর জীবন।