শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 27, 2026
June 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়

Published: June 27, 2026 at 06:25 AM
গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়

২০২৬ বিশ্বকাপে নকআউটে ওঠার আশা শেষ পর্যন্ত পূরণ হলো না সৌদি আরবের। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে অভিষিক্ত দল কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলেই শেষ ৩২ নিশ্চিত করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জয়ের বিকল্প ছিল না সৌদি আরবের সামনে। কারণ নকআউটে জায়গা করে নিতে হলে তিন পয়েন্টই প্রয়োজন ছিল তাদের। তবে পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে সমানতালে লড়লেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি জর্জিওস ডোনিসের দল। ম্যাচের শেষদিকে কেপ ভার্দে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দুর্দান্ত সেভ করে দলকে হার থেকে বাঁচান। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় আর পায়নি গ্রিন ফ্যালকনসরা। ফলে তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সৌদি আরবকে। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেও গোলশূন্য ড্রয়ে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান। অন্যদিকে স্পেনের সঙ্গে ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ সমতা এবং সৌদি আরবের বিপক্ষে ড্র—এই তিন ম্যাচে অপরাজিত থেকেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। অভিষেক বিশ্বকাপেই এমন সাফল্যে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৯৪ সালে অভিষেক বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল সৌদি আরব। এরপর আর কোনো আসরেই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ২০২৬ বিশ্বকাপেও সেই হতাশার পুনরাবৃত্তি হলো।