শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 27, 2026
June 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

Published: June 27, 2026 at 06:23 AM
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

বিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের গোলখরা। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর টানা চার ম্যাচে বেলজিয়ামের কেউ গোল পাননি!  তবে আজ যেন সবকিছু সুদে-আসলে মিটিয়ে নিল বেলজিয়াম। ভ্যাংকুভারের বিসি প্লেসে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিল তারা। নিজেদের প্রথম দুই ম্যাচে মিশর ও ইরানের বিপক্ষে হতাশার ড্রয়ের পর আজকের এই বিশাল জয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে পা রাখল কেভিন ডি ব্রুইনার দল। আগামী ১ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় হওয়া দল। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অথবা সেনেগাল অথবা আলজেরিয়ার বিপক্ষে লড়তে হতে পারে ডি ব্রুইনা-লুকাকুদের।  আজকের হারে ‘জে’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের।

ম্যাচের ২৮ মিনিটে আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২০২২ সালের ২৩ নভেম্বরের পরই বিশ্বকাপের এটিই কোনো বেলজিয়ানের প্রথম গোল।বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আরেক গোল করেন ত্রোসার। নিউজিল্যান্ড মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে। ৬৬ মিনিটে গোল পান দলের প্রাণভোমরা ডি ব্রুইনা। ২০১৮ আসরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর এটিই বিশ্বকাপে তার প্রথম গোল।শেষ দিকে বেলজিয়ামের শেষ দুই গোল করেন দুই বদলি রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের। এর আগে ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।