আসছে বিশ্বকাপে নতুন যে ৫ নিয়ম আনল ফিফা

আসছে বিশ্বকাপে নতুন যে ৫ নিয়ম আনল ফিফা আসন্ন ফুটবল বিশ্বকাপের আর মাত্র বাকি আড়াই মাস। মহামরণের লড়াইয়ে নামার আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই বৈশ্বিক টুর্নামেন্ট। বিশ্বকাপকে আরো গতিশীল করতে ফুটবলের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা।  ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএন সকারের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ সামনে রেখে ফিফা ঘোষণা দিয়েছে ৫ নিয়ম পরিবর্তনের। ম্যাচের গতি ধরে রাখা, সময় অপচয় রোধ করা এবং মাঠের রেফারিদের ওপর চাপ কমানোর লক্ষ্যে এই পরিবর্তনগুলো কার্যকর হবে বলে মনে করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার ঘোষিত নতুন ৫ নিয়ম হলো- নির্ধারিত সময়ের মধ্যে বদলি খেলোয়াড়ের মাঠে প্রবেশ যেকোনো ম্যাচেই খেলোয়াড় পরিবর্তনের সময় দলগুলো অযথা সময় নষ্ট করে। বিশ্বকাপের ম্যাচগুলোতে এমন যেন না হয়, সে জন্য খেলোয়াড় বদলের নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ফিফা। পরিবর্তন হওয়া খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এর বেশি সময় নিলে বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে এক মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়টা তার দলকে খেলতে হবে ১০ জন নিয়ে। দ্রুততম সময়ে খেলা শুরুর বাধ্যবাধকতা গোলকিক এবং থ্রো-ইনেও সময়ক্ষেপণ খুব সাধারণ একটি বিষয়, বিশেষ করে ম্যাচে এগিয়ে থাকা দল প্রায়ই এই কাজটা করে থাকে।  বিশ্বকাপে এমন কিছু যাতে না হয়, তাই গোলকিক ও থ্রো-ইন নিতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে। এর বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। ম্যাচের সময় খেলোয়াড়েরা চোট পেলে প্রাথমিক চিকিৎসা মাঠেই দেওয়া হয়। ফলে খেলা বন্ধ রাখা হয় সেই সময়ে। বিশ্বকাপে অবশ্য এমন কিছুর সুযোগ থাকছে না। নতুন নিয়মে চোট পাওয়া কোনো খেলোয়াড় চিকিৎসা চাইলে তাকে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি ফাউল করে হলুদ বা লাল কার্ড দেখেন, সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত বিপক্ষে গেলেই তাকে ঘিরে খেলোয়াড়দের জটলা চলে। খেলোয়াড়েরা তর্ক করতে থাকেন রেফারির সঙ্গে। এতে সময়ের অপচয় হয়। খেলার পরিবেশও নষ্ট হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা আপত্তি জানানোর এখতিয়ার থাকবে শুধু অধিনায়কেরই। তিনি ছাড়া অন্য কেউ রেফারির দিকে এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখানো হবে। ক্রমেই ফুটবলে বাড়ছে ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের ভূমিকা। সেই ধারায় ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ডের সিদ্ধান্তও পর্যালোচনা করা হবে এই প্রযুক্তি দিয়ে। পাশাপাশি রেফারি যদি কোনো কর্নারের সিদ্ধান্ত ভুল দিয়েছেন বলে সন্দেহ থাকে, তাহলে সেটিও ভিএআরের মাধ্যমে শোধরানো হবে। ফুটবলবোদ্ধাদের মতে, ফিফার এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় নাটুকেপনা ও সময় নষ্ট করার প্রবণতা অনেকাংশেই কমে আসবে।

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার ইনজুরি ও ফিটনেস সমস্যায় দীর্ঘ দিন দলের বাইরে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। বির্তক যেনো পিছু ছাড়ে না এই ব্রাজিলিয়ানের। আসছে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে দলে জায়গা নিতে দেখাতে হবে শতভাগ ফিট। কারণ ব্রাজিলিয়ান বস কার্লো আনচেলত্তির আগেই হুমকি দিয়ে রেখেছেন শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হারাবেন। এরই মাঝে আবার জন্ম দিয়েছে নতুন বির্তকের।  স্কোয়াড ঘোষণার ১৪ ম্যাচ বাকি আছে। সেই হিসেবে ব্রাজিলের ঘরোয়া লিগে নিজেকে প্রমাণের সুযোগ ছিল সান্তোসের হয়ে মাঠে নেমে ভালো পারফর্ম করে। সেই মিশনে এক ম্যাচ খেলতে না খেলতেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। বেফাঁস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ মন্তব্যটি ছিল নারী-সম্পৃক্ত বিষয়। এই একই কারণে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পান রেডবুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মারকুইস। এমন বড় শাস্তি নেইমারও পেতে পারেন বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।  এক প্রতিবেদনে বলা হয়, আনচেলত্তি আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের কোড অব স্পোর্টস জাস্টিস অনুসারে ১০ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সান্তোস তারকা। ২৪৩-জি অনুচ্ছেদে অপরাধের বর্ণনায় বলা হয়েছে, ‌‌‌‌কুসংস্কারের ভিত্তিতে জাতিগত উৎস, বর্ণ, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা সম্পর্কিত বৈষম্যমূলক, অবজ্ঞাপূর্ণ বা জঘন্য মন্তব্য কিংবা আচরণ করা। এতে নিষেধাজ্ঞায় পড়লে ভেস্তে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন। কারণ জাতীয় দলে ডাক পেতে তাকে সান্তোসের আসন্ন ম্যাচগুলো কেবল খেললেই হবে না, পুরোপুরি ফিট থাকার প্রমাণও দেখাতে হবে। ও গ্লোবো’র তথ্যমতে লিঙ্গ-সম্পৃক্ত আপত্তিকর মন্তব্য করলে, তাদের ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়তে হবে। আর সমর্থক পর্যায়ে এমন অপরাধ সংঘটিত হলে নিষেধাজ্ঞা হতে পারে ১২০ থেকে ৩৬০ দিন পর্যন্ত। এছাড়া ১ লাখ ব্রাজিলিয়ান ডলার পর্যন্ত জরিমানারও সুযোগ রয়েছে।

ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল)  শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই ভারতের আরেকটি সুযোগ। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান।

ভারতকে টপকে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ

ভারতকে টপকে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ মালদ্বীপের রাজধানী মালেতে আজ রাতে নির্ধারিত হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। গ্রুপ পর্বে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ১-১ গোলে শেষ হওয়া সেই ম্যাচে মাঠের পাশাপাশি ডাগআউটেও উত্তাপ ছড়িয়েছিল। দুই দলের কোচিং স্টাফের একজন করে লালকার্ড দেখেন। সেই উত্তেজনার রেশ নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামছে দুই দল।  

রিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে কাতালানরা

রিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে কাতালানরা মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আক্ষরিক অর্থেই খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুর সবুজ গালিচায় কাল শুরু থেকেই রাজত্ব করেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সা কন্যারা। দুই লেগ মিলিয়ে ১২-২ গোলের পর্বতসম ব্যবধানে এগিয়ে থেকে টানা অষ্টমবারের মতো ইউরোপসেরার লড়াইয়ের শেষ চারে নাম লেখাল বর্তমান চ্যাম্পিয়নরা।

কারিগরি ত্রুটির মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু

কারিগরি ত্রুটির মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শেষ ধাপের টিকিট বিক্রি শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার টিকিট বিক্রি পুনরায় চালু হলে আগ্রহীরা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর টিকিট বিক্রি শুরু করা হয়। তবে কোন ম্যাচ বা কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে তা উল্লেখ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনেক ব্যবহারকারী ১ এপ্রিল ‘লাস্ট-মিনিট’ বিক্রির ধাপটি চালু হওয়ার পর সাইটে প্রবেশ করতে পারেননি। যারা প্রবেশ করতে পেরেছেন তারাও নানা বিড়ম্বনার শিকার হয়েছেন।  এতে অনেক ক্রেতাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ শুরুতেই সাইটে প্রবেশ করেও ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে টিকিট কেনার সুযোগ পাননি। প্রযুক্তিগত বিভ্রাট সম্পর্কে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে তারা জানায়, লিংকগুলো সঠিকভাবে কাজ করছিল। এ ছাড়াও সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচের অবশিষ্ট সব টিকিট একসঙ্গে বিক্রি করা হচ্ছে না। এটি টিকিট বিক্রির শেষ আনুষ্ঠানিক ধাপ। তবে ধাপে ধাপে আরো টিকিট ছাড়া হবে। এর আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতার ওপর নির্ভর করে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য

বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। এর পরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা!  গত উইন্ডোর তুলনায় বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের দাম বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে। নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।  ১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও। নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। তবে ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরো টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

চাইনিজ তাইপেকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

চাইনিজ তাইপেকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুর চার মিনিটে তাইপের চি হুসান ফিল্ড গোল করে লিড এনে দেন দলকে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশ ১-১ সমতা ফেরে। দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ মিনিট পর আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।  তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ৩-১ লিড এনে দেন। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তৃতীয় কোয়ার্টার ৩-১ স্কোরলাইনে শেষ হয়। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ছিল চরম নাটকীয়তা। চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে। বাংলাদেশ সেই চাপ সামলে উল্টো ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। ঐ মিনিটেই তাইপের চি হুসান গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করে।  ১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। শেষ ৫০ সেকেন্ড অতি সতর্কতায় ৪-৩ কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।  নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন। সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।  প্রায় সাড়ে সাত বছরের ক্যারিয়ারের ইতি টেনে ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, তিনি ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে কোচিং ও মেন্টরিংয়ে যুক্ত থাকবেন।  জিম্বাবুয়ে জাতীয় দলের বিপক্ষে ২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। পরের বছর ওয়ানডে দলে সুযোগ পেয়ে অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। ওয়ানডেতে দ্রুতই দলের ভরসার ব্যাটসম্যান হয়ে ওঠেন ডুসেন। ৭১ ম্যাচে ৫০.১৩ গড়ে ২৬৫৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি সংস্করণে ৫৭ ম্যাচে তার সংগ্রহ ১৪০৬ রান, স্ট্রাইক রেট ১২৮.৭৬। আর টেস্টে ২০১৯ সালে অভিষেকের পর ১৮ ম্যাচে করেছেন ৯০৫ রান, আছে ৬টি অর্ধশতক। সর্বোচ্চ ৯৮ রানের ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে নিজের মাঠ ওয়ান্ডারার্সে। অবসরের ঘোষণায় ডুসেন বলেন, ‘গর্ব ও কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করেছে।’ তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট ছিল তার জীবনের অংশ। ভাইদের সঙ্গে বড় হওয়া এবং সেই পরিবেশই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ডুসেনের ক্যারিয়ারে রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস তার অন্যতম সেরা পারফরম্যান্স। এ ছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়কত্বও করেন তিনি।  

অনুমতি ছাড়া পোস্ট নয়, কড়া বার্তা পিসিবির

অনুমতি ছাড়া পোস্ট নয়, কড়া বার্তা পিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে চুক্তির শর্ত ভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়ে বোর্ড এখন বেশ কঠোর অবস্থানে রয়েছে। জিও নিওজের খবরে বলা হয়েছে, বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খেলোয়াড়দের ম্যানেজারদেরও একই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক কোনো পোস্ট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। সূত্র জানিয়েছে, এখন থেকে ক্রিকেটারদের জনসম্মুখে দেওয়া বক্তব্য ও পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বিতর্কিত পোস্ট করলে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানার মুখে পড়তে হতে পারে। সম্প্রতি জাতীয় দলের পেসার নাসিম শাহের ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপের পরই এই কঠোর পদক্ষেপ নেয় পিসিবি। ২৩ বছর বয়সী এই পেসার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত টুইট করার কারণে শাস্তি পান। পিসিবির তদন্তে দেখা যায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। যদিও নাসিম নিঃশর্ত ক্ষমা চান এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবু বড় অঙ্কের জরিমানা থেকে রেহাই পাননি তিনি। ঘটনার সূত্রপাত হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মরিয়াম নেওয়াজ। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে মরিয়াম নেওয়াজকে স্বাগত জানাতে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘তাকে কেন লর্ডসে রানির মতো আচরণ করা হচ্ছে?’—যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। পরবর্তী সময় নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি বলেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন পুনরুদ্ধার করা হয়েছে।’