ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ৭ জুন ট্রফি নিয়ে শেষ করতে চায় ঋতুপর্ণারা। কিন্তু এই টুর্নামেন্টের ভেন্যু ভারতে হওয়ায় অংশ নেবে না পাকিস্তান। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অংশগ্রহণের জন্য সময় চেয়েছিল। নির্ধারিত সময়ের পর তারা জানিয়েছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। ফলে ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এই মাসের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’ নেপাল ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে সেই দেশের সরকার ও ফিফার মধ্যে মতবিরোধ চলছে। সরকার ইতোমধ্যে নেপাল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করেছে। ফিফা এ নিয়ে সতর্কতা দিয়েছে। পরিস্থিতি অবনতি হলে নেপালকে তারা নিষিদ্ধও করতে পারে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন পর্যন্ত নেপালকে নিয়েই ড্র পরিকল্পনা চলছে। তাদের রেফারিও ম্যাচ পরিচালনা করবে।’ ৬ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপে তিনটি করে দলের প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। ড্রয়ের আগে নেপাল বহিষ্কার হলে তখন লটারির ড্র না করে রাউন্ড রবিন লিগে খেলা হতে পারে। আবার ড্রয়ের পরেও তারা নিষিদ্ধ হলে ওই পদ্ধতি অনুসরণ হতে পারে। সাফ নারী টুর্নামেন্টের ভেন্যু ও সময়সূচি ঠিক হলেও পুরুষ সাফের বিষয় এখনো অনিশ্চয়তা। ২০২৩ সালে বেঙ্গালুরু সাফের পর এখনো এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। গত বছর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত হয়। এই বছর সেপ্টেম্বর উইন্ডোতে করতে চাইলেও খানিকটা যদি কিন্তু রয়েছে। পুরুষোত্তম বললেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ করতে চাই। স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেটা নিশ্চিত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’
বিসিবির কমিটি বিলুপ্ত, অ্যাডহক সভাপতি তামিম

বিসিবির কমিটি বিলুপ্ত, অ্যাডহক সভাপতি তামিম নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এনএসসি জানিয়েছে, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে অনেক অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালা অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিসিবি নির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণে অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এরই মধ্যে আইসিসির কাছে ই-মেইল করে এই বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য থাকবে অ্যাডহক কমিটি। ১১ সদস্যের অ্যাডহক কমিটি- তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
ইতিহাসের সামনে বাংলাদেশ, প্রথম প্রতিপক্ষ সান মারিনো

ইতিহাসের সামনে বাংলাদেশ, প্রথম প্রতিপক্ষ সান মারিনো দেশের ফুটবলে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৫ জুন ইউরোপের ছোট রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতে, যা বাংলাদেশের জন্য প্রথম ইউরোপ সফর। এর মাধ্যমে ইউরোপের মাটিতে খেলার নতুন অভিজ্ঞতা অর্জন করবে দলটি। এই ম্যাচটি দুই দলের জন্যই ঐতিহাসিক। বাংলাদেশ প্রথমবার কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হবে, আর সান মারিনো খেলবে তাদের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে। দুই দেশের ফুটবল সংস্থাই ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের ফুটবল সম্পর্ক আরও দৃঢ় করবে।
লাখ টাকা করে পুরস্কার সাফজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের

লাখ টাকা করে পুরস্কার সাফজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমন সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মিঠু চৌধুরী। সাফের ট্রফিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি। মিঠু বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটা বড় ইচ্ছা আছে আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সাথে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রশংসা করে তিনি বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনতে পারবো।’
সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ওই দিনই মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি জানানো হবে। জাতীয় সংসদের ৩০০ আসনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে। যেহেতু এই নির্বাচনে ভোটার হন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা, তাই সাধারণত একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।
তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, রাতের আধারে ভোটসহ নানা অভিযোগ উঠেছে অনেক আগেই। সেই বিষয়ে তদন্ত করতে নেমেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তারা পাঁচ সদস্যের কমিটি তৈরি করে বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে নিরপেক্ষ তদন্ত করে। তদন্ত কমিটি বিসিবির একাধিক পরিচালক, নির্বাচন বয়কট করা প্রার্থী, ক্লাব সংগঠক, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে। তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার কথা ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। কিন্তু তিনি লিখিতভাবে নিজের জবাব দিয়েছেন। তদন্ত কমিটি ডেকেছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকেও। তার মেয়াদেই বিসিবি নির্বাচন হয়েছিল। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে সেই অভিযোগও উঠেছিল। কিন্তু তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান। রোববার (০৫ এপ্রিল) তদন্ত কমিটি নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসলে আমরা তাকে (আসিফ মাহমুদকে) ডেকেছিলাম। উনার কোন বক্তব্যের জন্য। উনি কিছু বলতে চান কিনা সেই জন্য। উনাকে একিউজ করার জন্য না। আমরা জাস্টিফিকেশনের জন্য কিছু বলি নাই। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল। উনি আমাদের কাছে আসেন নাই। শুধু আসিফ মাহমুদ না, জাতীয় ক্রীড়া পরিষদ যে নির্বাচন কমিশন তৈরি করেছিল তাদেরকেও ডেকেছিল কমিটি। তারাও সরাসরি মুখোমুখি হননি, ‘‘সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সাথে কথা বলার জন্য। তারাও আসেনি (নির্বাচন কমিশন)। লিখিত বক্তব্য দিয়েছেন আমাদেরকে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সামনাসামনি আসা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। সেখানে লিখিত বক্তব্য দিয়ে কেবল দায়সারা কাজ কতটা যৌক্তিক হয়েছে সেই প্রশ্নও উঠছে। একই সঙ্গে কমিটি এই লিখিত বক্তব্য গ্রহণ করেছে কিনা সেই প্রশ্নও আছে। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি করিনি। আমরা একিউজ করিনি। কোন চার্জ ফ্রেম করিনি। কাউকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ক্রিমিনাল ট্রায়ালে যেমন ৩৪২ এর মাধ্যমে নিয়ে আসতে হলে জানতে হয়। আমরা এই প্রসিডিউরে যাই নাই কিন্তু। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেমগতভাবে আইনের যেভাবে বলা আছে, সেভাবে প্রসিডিউর মেইনটেইন করা হয়েছে কি হয়নি, এইটুকুই আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু না। কাউকে আমরা একিউজ করিনি বারবার বলছি আমরা।
নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল তবুও আক্ষেপ মায়ামির

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল তবুও আক্ষেপ মায়ামির মিয়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে গোল করে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তবে ইন্টার মিয়ামি অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন ন্যু স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামসহ অনেক তারকা। বহু বছরের চেষ্টার পর মিয়ামিতে স্থায়ী ঘর পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হন বেকহ্যাম। তিনি বলেন, “এই স্টেডিয়ামকে জীবন্ত হতে দেখা খুবই বিশেষ মুহূর্ত। এটা আমাদের জন্য স্বপ্নপূরণ। উৎসবমুখর পরিবেশে শুরু হলেও ম্যাচে চমক দেখায় অস্টিন। মাত্র ছয় মিনিটে গুইহার্মে বিরো কর্নার থেকে হেড করে অস্টিনকে এগিয়ে দেন, অ্যাসিস্ট করেন ফাকুন্ডো টরেস। পিছিয়ে পড়া মিয়ামির হয়ে দ্রুতই জবাব দেন মেসি। ইয়ান ফ্রে’র ক্রস থেকে হেড করে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর বল দখলে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি মিয়ামি। বরং ৫৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও এগিয়ে যায় অস্টিন। জোসেফ রোসালেস বাড়ানো পাসে জেইডেন নেলসন গোল করে অস্টিনকে আবারও লিড উপহার দেন। পিছিয়ে পড়ার পর কোচ জেভিয়ার মাশ্চেরানো ৭৩তম মিনিটে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। ৮১তম মিনিটে সুয়ারেজের কল্যাণে সমতায় ফেরে মিয়ামি। মেসির কর্নার থেকে বল পেয়ে পোস্টের কাছ থেকে জালে পাঠান তিনি। শেষদিকে সুয়ারেজ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প শুরু

সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প শুরু টাইব্রেকারে শেষ শট গোল দিলেই বাংলাদেশের হাতে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব- ২০ দক্ষিণ এশিয়ান পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি। আলতো ছোঁয়ায় দারুণ আত্মবিশ্বাসী শট নেন রোনান সুলিভান, বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাস। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ- এই ম্যাচের গ্যালারি দেখে মনেই হতে পারে যেন বাংলাদেশ স্বাগতিক দেশ। কারণ মালদ্বীপের মালে শহরের জাতীয় স্টেডিয়ামের দর্শকসারির একটা বড় অংশজুড়ে ছিলেন মালদ্বীপে পেশার খাতিরে পারি জমানো প্রবাসী বাংলাদেশিরা। আর শেষ শটটিও নিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি, যিনি আক্ষরিক অর্থেই বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন, এটা নিশ্চিত ছিলেন না দুই মাস আগেও। ১২ নম্বর জার্সি পরা রোনান সুলিভান যেভাবে শেষ শটে ভারতীয় যুব দলের গোলরক্ষককে পরাস্ত করলেন, এই শটটি ঐতিহাসিকভাবে ফুটবলে পানেনকা হিসেবে পরিচিত। ১৯৭৬ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেনকা এমনভাবে শট নেন যেটা ডানেও না বামে না, একদম আলতো টোকায় গোলরক্ষক বরাবর মারা হয়, এতে ধীরগতি ও আগেই একদিকে ঝাঁপ দেওয়ার কারণে মিস করেন কিপার। ঠিক এই শটের পুনরাবৃত্তি ঘটান রোনান সুলিভান। সুদূর আমেরিকা থেকে তার ভাই কুইন সুলিভান খেলা দেখছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ড্রেসিংরুম থেকে, সেখানে তার পোস্ট করা ভিডিওতে চিৎকার করে বলেন, ‘চিপ ইট’ অর্থাৎ বল চিপ করো, রোনান করলেন তাই, বাংলাদেশের একটি দলের জয়ের উল্লাস দেখা গেছে আমেরিকান ফুটবলের সর্বোচ্চ লিগের একটি দলের ড্রেসিংরুমে। রোনান এর আগে বাংলাদেশের হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে ফাইনালে আনার পেছনে বড় অবদান রাখেন। শিরোপা জয়ের পেছনে অবদান ছিল বাংলাদেশের অনূর্ধ্ব- ২০ জাতীয় দলের গোলকিপার ইসমাইল হোসেইন মাহিনেরও। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো পক্ষ গোল দিতে পারেনি, টাইব্রেকারে তিনি ভারতীয় দলের প্রথম পেনাল্টি ঠেকিয়ে বাংলাদেশ দলের শিরোপা জয়ের আশা জাগিয়ে তোলেন। খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠেন কুইন সুলিভান। সুলিভান ভাইদের মধ্যে এখন কুইন সবচেয়ে জনপ্রিয়। এমনকি অনেকে আশা করছেন তিনি এবারে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন। ইতোমধ্যে তিনি যুব বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এবং নিয়মিত ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর সকার লিগে খেলছেন, যেই লিগে খেলছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই তরুণ ফুটবলারের গল্পে হঠাৎ করেই উঠে এসেছে বাংলাদেশের কথা। লিওনেল মেসির বিপক্ষে মাঠে কুইন সুলিভান স্থানীয় ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি ভিডিওতে খাবারের স্বাদ নিতে গিয়ে নিজেদের পারিবারিক শিকড়ের কথা বলতে গিয়ে আলোচনায় আসে তাদের বাংলাদেশি বংশসূত্র। এরপরই শুরু হয় অনুসন্ধান, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যন্ত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফিলাডেলফিয়ার এক প্রবাসী বাংলাদেশির পরিচালিত লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফেতে বসে আছেন কুইন। সামনে ধোঁয়া ওঠা নান, সঙ্গে গরু ও খাসির ঝোল। খেতে খেতেই তিনি গল্প করছিলেন নিজের শিকড় নিয়ে, বাংলাদেশের সঙ্গে তার নাড়ির টান নিয়ে। সেই মুহূর্তের একটি ভিডিও পরে প্রকাশ করে ফিলাডেলফিয়া ইউনিয়নের সামাজিক যোগাযোগমাধ্যম। কুইন তখন সরাসরি নাম উল্লেখ না করলেও ভালোবেসে তার নানীর কথা বলেছিলেন। তিনি জানান, তার নানী ঢাকার মেয়ে। সেখান থেকে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, ভর্তি হন ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ায় এবং সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি জাতিসংঘেও কাজ করেছেন। পরে জানা যায়, কুইনের সেই নানীর নাম সুলতানা আলম। তিনি বিয়ে করেন ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ার জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে। সুলিভানরা চার ভাই- রোনান ও ডেক্ল্যান এখন বাংলাদেশ বয়সভিত্তিক দলের সাথে, আর কুইন ও ক্যাভান সুলিভান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান জানান, এই চার ভাইয়ের নানী সুলতানা আলম একজন মুক্তিযোদ্ধা। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ায় পড়াশোনা করতে গিয়ে এক জার্মান প্রফেসরকে বিয়ে করেন। এই দম্পতির মেয়ের ঘরে জন্ম চার ভাইয়ের, যারা এখন যুক্তরাষ্ট্রে ফুটবল খেলায় নিজেদের অবস্থান গড়ে তুলছেন। বাংলাদেশি ক্রীড়া প্রতিবেদক রিফাত মাসুদ বলেন, একটি ভিডিওতে খাবারের স্বাদ নিতে গিয়ে নিজেদের পারিবারিক শিকড়ের কথা তুলে আনার বিষয়টি একটি অনলাইন পেইজ সেইভ বাংলাদেশ ফুটবল প্রথমে খেয়াল করে। ক্লাবের ভিডিওতে তাদের বাঙালি পরিচয়ের ইঙ্গিত পাওয়ার পর পেইজটি সুলতানা আলমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সেখান থেকেই এই ফুটবলারদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যোগাযোগের পথ তৈরি হয়। সুলিভান পরিবারে ফুটবল যেন রক্তের সঙ্গে মিশে আছে। তাদের বাবা ব্রেন্ডান সুলিভান অস্ট্রেলিয়ার এ লিগে ছয় বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচটি ক্লাবে খেলেছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ায় খেলেছেন এবং পরে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। মা হেইকে ডিভিশন ওয়ান পর্যায়ে ফুটবল খেলেছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের নারী দলের অধিনায়ক ছিলেন। চার ভাইয়ের মধ্যে কুইন সুলিভান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের যুব দলে খেলেছেন এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠে নামছেন। তার ছোট ভাই ক্যাভানও যুক্তরাষ্ট্রের যুব আন্তর্জাতিক দলে খেলেন, বলা হয়ে থাকে এই ক্যাভান নাকি এই চার ভাইয়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। বাংলাদেশের হয়ে খেলছেন যমজ ভাই ডেকলান ও রোনান, তারা আমেরিকায় বর্তমানে ওয়াইএসসি একাডেমিতে পড়াশোনা করছেন এবং এমএলএস নেক্সটের সহযোগী ক্লাব এফসি ডেলকোর হয়ে খেলছেন। এই পরিবারের পরিবারের ফুটবল ঐতিহ্য আরও বিস্তৃত। তাদের চাচাতো ভাই ক্রিস অলব্রাইট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফুটবলার ছিলেন এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেছেন। এছাড়া তাদের নানা ল্যারি সুলিভান ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
বিশ্বকাপে নিয়ে সরাসরি খেলা যা বললেন আশরাফুল

বিশ্বকাপে নিয়ে সরাসরি খেলা যা বললেন আশরাফুল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সংবাদমাধ্যমকে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলেন, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব। ঢাকা লিগ নিয়ে আশরাফুল বলেন, অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সবকিছু প্রস্তুত করে রেখেছে-তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ঐখানে কিন্তু বোর্ডের কিছু করার থাকে না। আশরাফুল আরও বলেন, আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ-এই ফরম্যাটগুলো চালু করে যে তাদের অধীনে সবকিছু হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬-১৩, এইভাবে যদি আপনি করতে পারেন তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে। তিনি বলেন, শুধু ক্লাবগুলো এসে দল গঠন করবে, ঐ দেড় মাস খেলবে-তা না হয়ে যেন ১২ মাস খেলার পদ্ধতি থাকে, যেটা অন্য দেশগুলোতে হয়, সেভাবে চালু করতে হবে। সবকিছু মাত্র শুরু হয়েছে, আপনাকে সময় দিতে হবে। নতুন বোর্ডকেও আপনার সময় দিতে হবে। উনারা এসেছেন মাত্র চার-পাঁচ মাস হয়েছে। একটার পর একটা ঝামেলা যাচ্ছে। তো আমার মনে হয় যে সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে।
ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর

ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ফুটবলাররা। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শটে লক্ষ্যভেদ করা মোরশেদ আলী উচ্ছ্বাস প্রকাশের ভাষাই খুঁজে পাচ্ছেন না। ওই সময়ের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই রোমাঞ্চিত! আর কী বলব, বলার মতো ভাষা নাই। আমরা ইনশাআল্লাহ এইবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। ভামোস! দেশবাসীর সঙ্গে দেখা হচ্ছে! পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকার ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে মোরশেদ আলী লেখেন, গুড নাইট।